গত অক্টোবরে ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ভারত সরকারকে দেয়া এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মেটা নিয়ন্ত্রণাধীন মেসেজিং অ্যাপটি। খবর পিটিআই।

হোয়াটসঅ্যাপ জানায়, গত অক্টোবরে ৫০০টির মতো অভিযোগ জমা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই এমন ব্যবস্থা নিয়েছিল মেসেজিং অ্যাপটি।

অক্টোবরে মোট ২০ লাখ ৬৯ হাজার ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। যেসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, তার প্রতিটি প্লাস ৯১ নম্বর দিয়ে শুরু।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, অপব্যবহার বন্ধ করতে প্রতিযোগীদের চেয়ে সবসময় এগিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। যে যে মেসেজিং অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে, সেসব মেসেজিং অ্যাপ থেকে এ কাজে এগিয়ে আমাদের অ্যাপ। গত কয়েক বছরে এ কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি তৈরি করা হয়েছে। এছাড়া প্লাটফর্মকে সুরক্ষিত রাখতে কাজ করছেন ডাটা সায়েন্টিস্টরা।

তিনি আরো বলেন, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী পঞ্চম মাসিক রিপোর্ট প্রকাশ করল হোয়াটসঅ্যাপ। মোট কতগুলো অভিযোগ জমা পড়েছে এবং সেসব অভিযোগের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, রিপোর্টে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। যেসব অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, তার মধ্যে ৯৫ শতাংশ অ্যাকাউন্টের বিরুদ্ধে স্প্যাম মেসেজিংয়ের অভিযোগ রয়েছে। স্প্যামিং বন্ধ করতে বিশ্বব্যাপী প্রতি মাসে প্রায় ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেসেজিং অ্যাপটি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার অথবা কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে চলেছে সংস্থা।