স্টিম ডেকে এক্সবক্স ক্লাউড গেমিং যুক্ত করতে ভিডিও গেমিং কোম্পানি ভালভের সঙ্গে একত্রিত হয়েছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা এক্সবক্স গেম স্ট্রিমিং সার্ভিসে প্রবেশ করতে পারলেও সেখানে হ্যান্ডহেল্ড ডিভাইসে খেলতে পারত না। সমস্যার সমাধানে এজ ব্রাউজারের নতুন বেটা ভার্সন নিয়ে এসেছে মাইক্রোসফট। খবর দ্য ভার্জ।

মাইক্রোসফট এজের কমিউনিটি ম্যানেজার মিসি কোয়ারি বলেন, আমরা ভালভ ও এক্সবক্স ক্লাউড গেমিং টিমের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। এসব বিষয়ে আমরা খুবই উৎসাহী, কারণ আমাদের মনে হচ্ছে, তাতে লিনাক্স গেমিং কমিউনিটির জন্য নতুন সুযোগ তৈরি হবে।

স্টিম ডেকে এক্সবক্স গেমিং স্টুডিওর বেশকিছু গেম খেলা গেলেও গেম পাস এখনো উন্মুক্ত করা হয়নি। ফলে গেমারদের মাইক্রোসফটের পরিষেবার মাধ্যমে গেম স্ট্রিম করতে হচ্ছে। মাইক্রোসফট এজের লিনাক্স ভার্সনেও এখন স্টিম ডেক কন্ট্রোলের সুবিধা রয়েছে। পাশাপাশি এটি স্টিমওএসের ডিসকভার সফটওয়্যার সেন্টারেও বেশ সহজলভ্য। এক্সবক্স ক্লাউড গেমিংয়ে লিংক তৈরিতে মাইক্রোসফটের আলাদা বিস্তারিত নির্দেশনাও রয়েছে।

ভালভের সিইও গাবি নিওয়েল বলেন, স্টিমে কম্পিউটার গেম যুক্ত করার জন্য মাইক্রোসফটকে সাহায্য করতে পেরে অনেক আনন্দিত। কিন্তু যতক্ষণ সেটা বাস্তবতা না পাচ্ছে, ততক্ষণ এক্সবক্স ক্লাউড গেমিং ও স্টিম ডেকে উইন্ডোজই একমাত্র কার্যকর পদ্ধতি।