দুই বছর ধরেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে টিকটক। নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে জনপ্রিয় অনলাইন গন্তব্য হিসেবে গুগলকে ছাড়িয়ে গেছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। খবর টেক টাইমস।

২০২১ সালে মাসওয়ারি কোনো অনলাইন প্লাটফর্ম কেমন জনপ্রিয় ছিল, তার তালিকা প্রকাশ করেছে আইটি নিরাপত্তা সংস্থা ক্লাউডফ্লেয়ার। সেখানে দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও জুনেই গুগলকে এক নম্বর অবস্থান থেকে সরিয়ে দিয়েছে টিকটক। তারপর জুলাইয়ে গুগল স্বল্প সময়ের জন্য শীর্ষে ফিরলেও আগস্ট থেকে টিকটকই এক নম্বরে অবস্থান করছে বলে জানায় তারা।

২০২০ সালে ক্লাউডফেয়ারের জনপ্রিয় সাইটের তালিকায় টিকটকের অবস্থান ছিল সপ্তম। গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, নেটফ্লিক্স, অ্যামাজনের মতো সাইটের পেছনে ছিল চীনভিত্তিক ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। ২০২১ জুড়ে বেশির ভাগ মাসেই এক নম্বর সাইট ছিল টিকটক। দ্বিতীয় স্থানে রয়েছে গুগল। টিকটক যেখানে কেবল একটি প্রডাক্ট দিয়ে শীর্ষে উঠে এসেছে, সেখানে গুগলের সব সেবা এর অন্তর্ভুক্ত ছিল। মানে ম্যাপস, ট্রান্সলেট, ফটোস, নিউজ ও বিভিন্ন টুলস নিয়েও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

আরেক ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার বলছে, চলতি বছরের জুলাই নাগাদ অন্তত ৩০০ কোটিবার ডাউনলোড হয়েছে টিকটক। ক্লাউডফেয়ারের প্রতিবেদনে আরেকটি চমক হচ্ছে শীর্ষ ১০ সাইটের তালিকা থেকে ইনস্টাগ্রামের সরে যাওয়া। সেখানে উঠে এসেছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব।