ইন্টারনেটসহ অন্যান্য সেবা প্রদানে ২০২২ সালের শুরুতে বাণিজ্যিক লাইসেন্সের জন্য ভারত সরকারের কাছে আবেদন করবে স্টারলিংক। এটি মূলত ইলোন মাস্কের রকেট কোম্পানি স্পেসেক্সের স্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন। খবর রয়টার্স।
লিংকডইনে দেয়া এক পোস্টে ভারতে স্টারলিংকের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় ভার্গাভা বলেন, বড় ধরনের কোনো সমস্যা না হলে ২০২২ সালের ৩১ জানুয়ারির আগে বা পরে আমরা বাণিজ্যিক লাইসেন্সের জন্য আবেদন করব।
আগামী এপ্রিলের আগে যদি প্রতিষ্ঠানটি তাদের সেবা চালু করতে পারে তাহলে ২০২২ সালের ডিসেম্বরের আগে ভারতে দুই লাখের বেশি স্টারলিংক ডিভাইস চালু করা যাবে। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের ৮০ শতাংশ ডিভাইস প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হবে।
যেসব প্রতিষ্ঠান পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট উেক্ষপণের মাধ্যমে বিশ্বের সর্বত্র উন্নত ইন্টারনেট সেবা প্রদানে কাজ করছে, তাদের মধ্যে স্টারলিংক অন্যতম। বিশেষ করে যেসব প্রত্যন্ত অঞ্চলে স্বাভাবিক ইন্টারনেট সংযোগ ব্যর্থ হয়, সেখানে সেবা পৌঁছে দেয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। স্টারলিংকের প্রতিযোগী হিসেবে অ্যামাজন, কুইপার ও ওয়ানওয়েবও কাজ করছে। ভারতে স্টারলিংক এরই মধ্যে পাঁচ হাজারের বেশি ডিভাইস স্থাপনের চাহিদা পেয়েছে। যেখানে অন্য প্রতিষ্ঠানগুলো এখনো তাদের সেবা চালু করতে পারেনি।
এদিকে গত সপ্তাহে ভারত সরকার জনগণকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত স্টারলিংকের সেবা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকেও কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশের পরিপ্রেক্ষিতে স্টারলিংক প্রি-অর্ডার গ্রহণ বন্ধ রেখেছে বলে তাদের ওয়েবসাইটে জানিয়েছে।










