গেমিংয়ে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা প্রদানে প্যাক-ম্যান কমিউনিটি চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে মেটা মালিকানাধীন ফেসবুক। ফলে ব্যবহারকারীরা সলোর পাশাপাশি চার সদস্যের গ্রুপে মাল্টিপ্লেয়ার মোডে গেমটি খেলতে পারবে। খবর গ্যাজেটস নাউ।

মাল্টিপ্লেয়ার মোডে ব্যবহারকারীরা একেকটি মেজে বা ধাঁধায় একে অন্যের প্রতিযোগী হিসেবে খেলতে পারবে। সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহকারী গেমে জয়ী হবে। আগে থেকে নির্মিত মেজের পাশাপাশি খেলোয়াড়রা মেজ ক্রিয়েটর টুলের মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী ধাঁধা তৈরি করতে পারবে ও খেলতে পারবে।

প্লে উইথ স্ট্রিমার ফিচারের মাধ্যমে ফেসবুকের গেম ক্রিয়েটররা লাইভস্ট্রিম থেকে তাদের কমিউনিটিতে থাকা ব্যবহারকারীদের একত্রে গেম খেলার বা দেখার আমন্ত্রণ জানাতে পারবে। খেলোয়াড়রা যেসব ধাঁধা তৈরি করবে, সেগুলো প্রতিদিন গেমে অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। শিগগিরই কমিউনিটি-কেন্দ্রিক ও স্ট্রিমার কমিউনিটি পরিচালিত ধাঁধা চালু করা হবে বলেও ফেসবুক সূত্রে জানা গেছে।

নতুন গেম চালুর পাশাপাশি ইন্টারেকটিভসের অংশ হিসেবে লাইভ গেমিং ভিডিও অভিজ্ঞতা পরিবর্তনে কাজ করছে ফেসবুক। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একজন গেমারের স্ট্রিম দেখার পাশাপাশি অংশগ্রহণও করতে পারবে।

বান্দাই নামকোর সঙ্গে যৌথভাবে গেমটির উন্নয়নে কাজ করেছে জেনভিড। কবে নাগাদ প্লাটফর্মে গেমটি চালু করা হবে, সে বিষয়ে ফেসবুক আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গেমটির আউটলুক সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে ফেসবুক।