চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজার ৬ শতাংশ সম্প্রসারণ হয়েছে। তবে ২০২০-এর একই প্রান্তিকের তুলনায় তা কমেছে ৬ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে দেখা গেছে, ২০২১-এর তৃতীয় প্রান্তিকে ৩০ লাখের বেশি স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে নকিয়ার স্মার্টফোন বিক্রি বেড়েছে ১২ শতাংশ। ২০২০-এর তৃতীয় প্রান্তিকের তুলনায় যা বেড়েছে ৩৭ শতাংশ। খবর গিজমোচায়না।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও উত্তর আমেরিকায় বিক্রি বৃদ্ধিতে নকিয়ার প্রবৃদ্ধি চাঙ্গা হয়েছে। এলজির স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নেয়ায় শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে নকিয়া। গত কয়েক প্রান্তিকের তুলনায় নকিয়ার স্মার্টফোন বিক্রি বাড়লেও বৈশ্বিক স্মার্টফোন বিক্রির দিক থেকে ১৪তম অবস্থানে নকিয়া। তবে ফিচার ফোন বিক্রির দিক থেকে নকিয়া মোবাইলের অবস্থান দ্বিতীয়। তৃতীয় প্রান্তিকে এক কোটি ইউনিট ফিচার ফোন বিক্রি করেছে নকিয়া। ফিচার ও স্মার্টফোন সব মিলিয়ে নকিয়ার ফোন বিক্রি হয়েছে ১ কোটি ৩০ লাখ ইউনিট। এতে বিশ্বের ১১তম বৃহৎ ফোন বিক্রেতা হিসেবে দাঁড়িয়েছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি।