নতুন বছরের শুরুতে ভারতে নারীদের স্মার্টফোন ব্যবহারের সময় বেড়েছে। এছাড়া অনলাইনে নারীরা শিক্ষা ও অর্থনীতিসংক্রান্ত অ্যাপেই বেশি সময় ব্যয় করেছেন। সম্প্রতি কনভারসেশন মিডিয়া প্লাটফর্ম ববল এআই প্রকাশিত মার্কেট ইন্টেলিজেন্স ডাটা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গ্যাজেটসনাউ।
প্রকাশিত প্রতিবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ খাতে ভারতের নারী ব্যবহারকারীদের ওপর আলোকপাত করা হয়েছে। এগুলো হলো ই-কমার্স, বিউটি, ফ্যাশন ই-কমার্স, হেলথ অ্যান্ড ফিটনেস, ফাইন্যান্স, এডুকেশন।
এক বিবৃতিতে ববল এআইয়ের ডাটা স্ট্র্যাটেজি বিভাগের চিফ ডাটা অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার তাবরেজ আলম বলেন, অর্থ ও শিক্ষাসংক্রান্ত অ্যাপ ব্যবহারে আরো নারীর অংশগ্রহণের বিষয়টি সত্যিই আনন্দদায়ক। এটি ভারতের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিচায়ক। যেখানে নারীরা শুধু তাদের ব্যক্তিত্ব বা জীবনযাপন নিয়ে চিন্তিত নন। পাশাপাশি তাদের শিক্ষা, ক্যারিয়ার, বিকাশ, অর্থনৈতিক পরিকল্পনা ও স্বাধীনতার বিষয়ে সমানভাবে অগ্রসরমাণ।










