এতদিন স্মার্টফোন কাছে রেখে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত। এবার ল্যাপটপ হোক বা ডেস্কটপ দুই ধরনের ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে লগইন করা যাবে। এতে স্মার্টফোন কাছে রাখার প্রয়োজন পড়বে না। খবর গ্যাজেটস নাউ।
২০১৯ সালেই এক প্রতিবেদনে বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণের জন্য একটি নতুন অ্যাপ নিয়ে কাজ করছে মূল কোম্পানি মেটা। হোয়াটসঅ্যাপ ইউডব্লিউপি অ্যাপ নামে ওই ফিচারের সাহায্যে কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে স্মার্টফোন কাছে না রাখলেও চলবে। এবার সে ফিচার শিগগিরই চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি ওয়েবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়, ইউনিভার্সাল উইন্ডোজ প্রোগ্রাম বা ইউডব্লিউপি নিয়ে কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এ নতুন অ্যাপে ডজনেরও বেশি ফিচার থাকবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, স্মার্টফোন কাছাকাছি না রেখেই ডেস্কটপ বা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া। এছাড়া একটি নতুন ড্রয়িং ফিচার নিয়েও হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ, যার সাহায্যে গ্রাহকরা আঁকতে, লিখতে ও প্যানেলে স্ক্রিবল পর্যন্ত করতে পারবেন।










