ভুল তথ্যের উৎস হিসেবে গুগলের যে কুখ্যাতি রয়েছে, সেটি অপসারণে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। এজন্য গুগল নিউজ ইনিশিয়েটিভ চালু করেছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি পিবিএস স্টুডেন্ট রিপোর্ট ল্যাবস (এসআরএল) ও সাংবাদিকতার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে নতুন প্রোগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।

নতুন প্রোগ্রামের মাধ্যমে গণমাধ্যম সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, জনসাধারণের ধারণা ও জ্ঞানকে শক্তিশালী করতে কাজ করবে গুগল। গুগলের নিউজ ইনিশিয়েটিভ ও স্টুডেন্ট রিপোর্ট ল্যাবস ভুল তথ্যের বিষয়ে পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও বন্ধুদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, সে বিষয়ে একটি শিক্ষা কার্যক্রম তৈরি করছে।

স্টুডেন্ট রিপোর্ট ল্যাবসের (এসআরএল) প্রতিষ্ঠাতা লিয়া ক্ল্যাপম্যান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে গল্প ও একত্রে কাজ করার মাধ্যমে আমরা বিভিন্ন সম্প্রদায় ও প্রজন্মের মিডিয়া জ্ঞানের প্রয়োজনীয়তা নির্ধারণের পাশাপাশি সমস্যা সমাধানে কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করবে সে বিষয়ে কাজ করব।

স্টুডেন্ট রিপোর্ট ল্যাবসের (এসআরএল) পাশাপাশি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান নিউজ লিটারেচি প্রজেক্টের (এনএলপি) সঙ্গে কাজ করছে গুগল। শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের মিডিয়া জ্ঞান প্রদানে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

যেসব অঞ্চলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রচার কম সেসব অঞ্চলে নিউজ লিটারেচি প্রজেক্টের (এনএলপি) পরিধি বাড়াতে গুগল তাদের নিউজরুম টু ক্লাসরুম উদ্যোগটি আরো সাংবাদিক ও শিক্ষকের কাছে পৌঁছে দিতে কাজ করবে।

গুগল জানায়, এ প্রকল্পের মাধ্যমে তাদের ফ্যাক্ট চেক এক্সপ্লোরার ও অ্যাবাউট দ্য রেজাল্টের মতো বিদ্যমান প্রকল্পগুলো আরো শক্তিশালী হবে।