ফ্ল্যাগশিপ ডিভাইস ১৩ আল্ট্রাসহ চীনের বাজারে বেশকিছু পণ্য উন্মোচন করেছে শাওমি। এর মধ্যে রয়েছে প্যাড ৬ সিরিজ ও ব্যান্ড ৮। ব্যান্ড ৭-এর উত্তরসূরি হিসেবে ব্যান্ড ৮ বাজারে এনেছে চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। নতুন ওয়্যারেবল ডিভাইসে বেশকিছু উন্নত ফিচার রয়েছে। খবর গিজমোচায়না।
শাওমি ব্যান্ড ৮-এও পিল আকারের ডিজাইস দেয়া হয়েছে। এতে ১ দশমিক ৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিটস পিক। এতে এওডি মোড, একাধিক ওয়াচ ফেস ও ৫০ মিটার পর্যন্ত পানি প্রতিরোধ সক্ষমতা রয়েছে।
নতুন ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কোম্পানিটি প্রথমবারের মতো একটি স্ট্র্যাপের আইডিয়া থেকে বের হচ্ছে। ব্যান্ড ৮-এর সঙ্গে বিভিন্ন ডিজাইনের ও আকারের স্ট্র্যাপ ব্যবহার করা যাবে। এর মধ্যে চামড়া, উভেন লেদার, হলো ব্রেসলেট ও টিপিইউ স্ট্র্যাপ থাকবে। এছাড়া নির্ধারিত অ্যাকসেসরিজ যুক্ত করে ব্যান্ডটিকে নেকলেস হিসেবে ব্যবহার করা যাবে। শাওমির স্মার্টব্যান্ড ৮-এ হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন বা এসপিও২ সেন্সর, স্লিপ ট্র্যাকার ও নারীদের মাসিক চক্র শনাক্তকরণ ফিচার রয়েছে। এটি স্ট্রেস লেভেল ও ভিও২ ম্যাক্স শনাক্তে সক্ষম। ওয়্যারেবলে ১৫০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে।
শাওমি স্মার্ট ব্যান্ড ৮-এ সুডোকু ও ২০৪৮-এর মতো বিল্ট ইন গেম রয়েছে। এটি নোটিফিকেশন দেখা, আবহাওয়া আপডেটসহ আরো ফিচার ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। ফিটনেস ট্র্যাকারে ১৯০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। শাওমির দাবি একবারের চার্জে ১৬ দিন পর্যন্ত ডিভাইসটি ব্যবহার করা যাবে। স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ৩৪ ডলার। এছাড়া এনএফসি ভ্যারিয়েন্টের দাম ৪০ ডলার। শাওমির নতুন এ ওয়্যারেবল ডিভাইসটি কবে নাগাদ আন্তর্জাতিক বাজারে আসবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।










