আগামী বছর বাজারে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপসেট সংবলিত স্মার্টফোন আসতে পারে বলে টিপস্টার সূত্রে জানা গেছে। উইবোতে দেয়া এক পোস্টে চীনের টিপস্টার জানান, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম স্মার্টফোনটি উন্মোচিত হবে। খবর গিজমোচায়না।

কিছুদিন আগেই বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য নতুন চিপসেটটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিদদের ধারণা, এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন১-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

টিপস্টার প্রদত্ত তথ্য যদি সঠিক হয়, তাহলে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৪ ন্যানোমিটার প্রসেসরের মাধ্যমে উৎপাদিত চিপসেট ব্যবহারকারী হিসেবে মিডিয়াটেক প্রথম প্রতিষ্ঠানের খেতাব অর্জন করবে।

মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপসেটে ৩.০৫ গিগাহার্টজের একটি করটেক্স-এক্স২ পারফরম্যান্স কোর, ২.৮৫ গিগাহার্টজের তিনটি করটেক্স-এ৭১০ কোর ও ১.৮ গিগাহার্টজের চারটি করটেক্স-এ৫১০ কোর রয়েছে। পাশাপাশি এতে ১০ কোরের এআরএম মালি-জি৭১০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট রয়েছে।