উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ডিভাইসের জন্য এনফোরএক্স প্রযুক্তি উন্মোচন করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। ২০২৩ সালের প্রথমার্ধে এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। খবর তাইওয়াননিউজ ও গিজমোচায়না।

এনফোরএক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং বাজারে (এইচপিসি) আত্মপ্রকাশ করল তাইওয়ানের এ প্রযুক্তি জায়ান্ট। পাশাপাশি প্রতিষ্ঠানটি জানায়, এ প্রযুক্তির মাধ্যমে ৫ ন্যানোমিটার আকৃতির ট্রানজিস্টর তৈরি করা যাবে। এনফোরএক্স প্রযুক্তি এনফাইভএর আধুনিক সংস্করণ। মূলত কর্মদক্ষতা ও ক্লক ফ্রিকোয়েন্সির মাধ্যমে এটিকে আলাদা করা হয়েছে। এনফাইভ প্রযুক্তির তুলনায় এটি ১৫ শতাংশ বেশি কর্মক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। টিএসএমসি জানায়, ১ দশমিক ২ ভোল্টে নব উদ্ভাবিত এনফোরএক্স প্রযুক্তি এনফোরপির তুলনায় ৪ শতাংশ বেশি কাজ করতে সক্ষম। এইচপিসির বাজারে উন্নত চিপ ডিজাইনকে নির্দেশ করতে নতুন প্রযুক্তিতে এক্স ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।