প্রায় ১৮ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনায় আলেকজান্ডার সোলোনচেঙ্কো নামে ইউক্রেনের এক প্রোগ্রামারের বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক। ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রোগ্রাম নকল করে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে মেসেঞ্জারের কন্ট্যাক্ট থেকে তথ্য চুরি করতেন তিনি।

দ্য রেকর্ডের প্রতিবেদন অনুসারে, যখনই কোনো ব্যবহারকারী তার ফোন নম্বর ব্যবহার করে ফেসবুক বা মেসেঞ্জারে লগ-ইন করতেন, সোলোনচেঙ্কো সেখান থেকে তাদের তথ্য চুরি করতেন। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত সোলোনচেঙ্কো এসব তথ্য চুরি করেন বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সাল থেকে কালোবাজারে তথ্য বিক্রি শুরু করেন তিনি।

একটি ই-মেইল ও জব বোর্ডে নিজের ফোরাম ইউজার নেম এবং কন্ট্যাক্ট ডিটেইল ব্যবহার করে ফেসবুকের কাছে ধরা পড়েন সোলোনচেঙ্কো। ফেসবুক জানিয়েছে, তাদের ব্যবহারকারী ছাড়াও অন্যান্য লক্ষ্যবস্তু থেকে ডাটা চুরি করেছিলেন সোলোনচেঙ্কো। ইউক্রেনের একটি শীর্ষ ব্যাংকও এ তালিকায় রয়েছে।

সোলোনচেঙ্কোর এরূপ কারসাজিতে ফেসবুকের অনির্ধারিত ক্ষতি হয়েছে। ফলে মাধ্যমটিতে তার অ্যাকসেস ও চুরি করা তথ্য বিক্রি বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের তথ্য চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে হ্যাকাররা মেসেঞ্জারের কন্ট্যাক্ট থেকে ৫৩ কোটিরও বেশি ব্যবহারকারীর তথ্য চুরি করেছিল। যে কারণে ফেসবুককে বেশ কয়েকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে।