চলতি সপ্তাহে চীনের ঝেংঝু শহরে কভিড-১৯-এর সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির প্রশাসন। তবে এর মধ্যেও সেখানে থাকা বৃহত্তম আইফোন কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সকন। খবর রয়টার্স।
ঝেংঝু ক্যাম্পাসে অ্যাপলের আইফোন অ্যাসেম্বল করা হয়। কারখানাটিতে ফক্সকনের প্রায় তিন লাখ কর্মী রয়েছে। সম্প্রতি কারখানায় অনির্দিষ্টকালের জন্য উন্মুক্ত স্থানে বা ডাইনিংয়ে বসে খাবার গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি কর্মীদের তাদের ডরমিটরিতে খাবার নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কারখানার অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে ফক্সকন জানায়, ঝেংঝুর কারখানায় এখনো স্বাভাবিক উৎপাদন অব্যাহত আছে এবং কভিড-১৯ পরিস্থিতির খুব কম প্রভাব পড়েছে।
ঝেংঝুতে নভেল করোনাভাইরাসের সাম্প্রতিক প্রাদুর্ভাবে ৮ অক্টোবর থেকে মোট ১৯৬ জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ফক্সকনের কারখানাটিতে এর কোনো প্রভাব পড়েনি। যে কারণে আইফোনের ১৪ মডেলের উৎপাদনও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে নিজেদের প্রথম ফোল্ডিং আইফোন বাজারজাতে ফক্সকনের কাছে যন্ত্রাংশ পাঠানো শুরু করেছে অ্যাপল।










