বাংলালিংক ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ভালো ফল নিয়ে উচ্চপ্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন প্রকাশিত ২০২৩ সালের প্রথম প্রান্তিকের ফল অনুযায়ী, আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় কোম্পানির আয় ১৭ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬২ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। কোম্পানি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভিয়নের পুরস্কারপ্রাপ্ত ডিজিটাল অপারেটর ১৪৪০ মডেল অনুসারে বাংলালিংকও এ কৌশল গ্রহণ করে, যা দেশে উদ্ভাবনী ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে ভূমিকা রেখেছে। বাংলাদেশের প্রথম ইউজার জেনারেটেড কনটেন্ট প্লাটফর্ম টফির প্রতি গ্রাহকের ক্রমবর্ধমান আগ্রহ বিষয়টি প্রতিফলিত করে। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতি মাসে ১ কোটি ১৭ লাখ সক্রিয় ব্যবহারকারী টফি ব্যবহার করেছেন। ২০২৩-এর প্রথম প্রান্তিকে সেবা থেকে বাংলালিংকের আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। ডাটা থেকে কোম্পানিটির আয়ও বেড়েছে ৩৫ শতাংশ। এছাড়া প্রতিষ্ঠানটি ৪ কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে। বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, ‘ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক দুই অংকের প্রবৃদ্ধি অব্যাহত রেখে এ বছরটি খুব ভালোভাবে শুরু করেছে।’










