অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় নতুন খসড়া নীতিমালা জারি করেছে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। এর অংশ হিসেবে অনলাইন গেমিং, লাইভস্ট্রিমিং, অডিও ও ভিডিও তৈরির সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে ইয়ুথ মোড চালু করতে হবে। খবর রয়টার্স।
সিএসি জানায়, অপ্রাপ্তবয়স্কদের নিরাপদ ইন্টারনেট প্লাটফর্ম প্রদানে বড় প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত সাইবার নিরাপত্তার বিষয়ে জরিপ পরিচালনা করতে হবে। পাশাপাশি এসব ব্যবহারকারীকে অনলাইনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। চীনের অন্যতম ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম টেনসেন্ট ভিডিও, আইকিউআইওয়াইআই ও বাইটড্যান্স মালিকানাধীন শর্ট ভিডিও প্লাটফর্ম ডওইন এরই মধ্যে অপ্রাপ্তবয়স্কদের জন্য ইয়ুথ মোড চালু করেছে।
ইন্টারনেট ও গেমিংয়ে দেশের তরুণ প্রজন্মের আসক্তির বিষয়ে দীর্ঘদিন থেকেই উদ্বিগ্ন চীন সরকার। গত বছর ১৮ বছরের কম বয়সীদের গেম খেলার সময় নির্ধারণ করে দিয়েছে।










