চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি হয়েছে ১২ কোটি ২১ লাখ ইউনিট। গত বছরের একই প্রান্তিকের তুলনায় বৈশ্বিক পিসি বাজার সংকুচিত হয়েছে ২ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টানা কয়েক প্রান্তিকে চাঙ্গা বিক্রির পর ট্যাবলেট পিসি ও ক্রোমবুকের বিক্রি কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ট্যাবলেট পিসি বিক্রি আগের বছরের চেয়ে ১৫ শতাংশ কমে ৩ কোটি ৭৭ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ভোক্তা পর্যায়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ট্যাবলেট পিসির চাহিদা হ্রাসে বিক্রি কমেছে। অন্যদিকে ক্রোমবুক বিক্রি তার চেয়েও অধিক কমেছে। তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ক্রোমবুক বিক্রি ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮ লাখ ইউনিট। শিক্ষা খাতে যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় কমানোর ঘোষণায় ক্রোমবুক বিক্রিতে প্রভাব পড়েছে।

তৃতীয় প্রান্তিকে সার্বিক ট্যাবলেট পিসির বাজার পড়তির দিকে থাকলেও মহামারী-পূর্ব সময়ের তুলনায় চাঙ্গা ছিল। ১ কোটি ৫২ লাখ আইপ্যাড বিক্রির মাধ্যমে ট্যাবলেট পিসির বাজারে শীর্ষস্থান অ্যাপলের। ২০ শতাংশ বিক্রি কমলেও দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭২ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। শীর্ষ পিসি বিক্রেতা লেনোভোর ট্যাবলেট পিসি বিক্রি হয়েছে ৪২ লাখ ইউনিট, যা আগের বছরের চেয়ে ২ শতাংশ বেড়েছে। শীর্ষ পাঁচে থাকা অপর দুটি কোম্পানি হচ্ছে অ্যামাজন ও হুয়াওয়ে, যাদের বিক্রি কমেছে যথাক্রমে ৪৫ শতাংশ ও ৫১ শতাংশ।

ক্যানালিসের বিশ্লেষক হিমানি মুক্কা বলেন, কভিড-পূর্ব শ্লথগতির বিষয়টি আমলে নিলে বর্তমানে বেশ শক্তিশালীই রয়েছে ট্যাবলেট পিসির বাজার। টানা পাঁচ প্রান্তিকে প্রবৃদ্ধির পর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাদে অন্যান্য জায়গায় ট্যাবলেট পিসির চালান কমেছে।

ট্যাবলেট পিসির সবচেয়ে বড় বাজার ছিল চীন। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে চীনের বাজারে ট্যাবলেট পিসি বিক্রি হয়েছে ৭৬ লাখ ৫০ হাজার ইউনিট। বিশ্বের বৃহত্তম এ ট্যাবলেট বাজারে তৃতীয় প্রান্তিকের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৬ শতাংশ। গত সাত বছরের মধ্যে প্রান্তিকওয়ারি সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখল চীনের ট্যাবলেট বাজার। তৃতীয় প্রান্তিকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করল চীন। উচ্চ চাহিদা ও সরবরাহ সংকটের কারণে সেখানে ট্যাবলেট পিসির দাম বাড়তেও দেখা যাচ্ছে। আইডিসি বলছে, চলতি বছর ২০১৪-পরবর্তী সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখবে চীনের ট্যাবলেট পিসির বাজার।

করোনাকালে মূলত শিক্ষার্থীদের প্রয়োজন সামনে রেখে ট্যাবলেট ও ক্রোমবুকের চাহিদা বেড়েছিল। অফিস-আদালতের পাশাপাশি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় চালু হওয়ায় ট্যাবলেটের চাহিদা কমেছে।

ক্রোমবুকের বাজারে বড় আকারের শ্লথগতি দেখা গেছে। গত বছরের তুলনায় ক্রোমবুক বিক্রি ৩৭ শতাংশ কমলেও প্রান্তিকওয়ারি কমেছে ৫২ শতাংশ। গত প্রান্তিকে ১৪ লাখ ক্রোমবুক বিক্রির মাধ্যমে শীর্ষে রয়েছে লেনোভো। তবে গত বছরের চেয়ে তা কমেছে ২১ শতাংশ। আগের বছরের চেয়ে ক্রোমবুক বিক্রি ৬৬ শতাংশ কমায় বাজারে শীর্ষস্থান হারিয়েছে এইচপি। শীর্ষ পাঁচে থাকা অপর তিনটি কোম্পানি হচ্ছে এসার, ডেল ও আসুস।

ডেস্কটপ, নোটবুকসহ সার্বিক পিসি বাজারে শীর্ষস্থান লেনোভোর। তৃতীয় প্রান্তিকে লেনোভোর পিসি বিক্রি হয়েছে ২ কোটি ৪৪ লাখ ইউনিট। এতে চীনা প্রযুক্তি জায়ান্টটির বাজার শেয়ার ১ শতাংশ বেড়েছে। ২ কোটি ৩০ লাখ পিসি বিক্রির মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটির বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। সরবরাহ চেইনের ধাক্কা বেশি অনুভূত হয়েছে এইচপির পিসি বিক্রিতে। গত প্রান্তিকে মার্কিন এ কোম্পানিটির পিসি বিক্রি কমেছে ৬ শতাংশ। অন্যদিকে ডেলের চালান বেড়েছে ২৭ শতাংশ। এতে তাদের বাজারশেয়ার বেড়েছে ৩ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকের মতো গত প্রান্তিকেও শীর্ষ পাঁচ পিসি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে স্যামসাং।