‘মেটাভার্স’ নির্মাণ চেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে পাঁচ বছরে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করেছে ফেসবুক। ওই অঞ্চলের আশপাশের দেশগুলো থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রকৌশলী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সোস্যাল জায়ান্টটি জানায়, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড থেকে নিয়োগ দেয়ার ইচ্ছা রয়েছে তাদের। খবর রয়টার্স।

গত রোববার এক ব্লগ পোস্টে ফেসবুকের বৈশ্বিক সম্পর্ক প্রধান নিক ক্লেগ এবং কেন্দ্রীয় সেবার ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের অলিভান জানান, ইউরোপ ফেসবুকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইইউর হাজারো কর্মী থেকে শুরু করে লাখো ব্যবসাপ্রতিষ্ঠান যারা প্রতিদিন আমাদের অ্যাপ ও টুল ব্যবহার করছেন; আমাদের সফলতার বড় একটি অংশ ইউরোপ, ঠিক যেমন ফেসবুক ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর সাফল্য ও বিস্তৃত অর্থনীতির একটা অংশ।

জুলাইয়ে নিজ মেটাভার্স পরিকল্পনা তুলে ধরেন ফেসবুক প্রধান জাকারবার্গ। মেটাভার্স শব্দটি এমন এক ডিজিটাল বিশ্বের সংজ্ঞা দিতে ব্যবহার করা হচ্ছে, যেখানে থ্রিডি পরিবেশে একাধিক মানুষের যোগাযোগের ব্যবস্থা করে দেয়া হবে।

সম্প্রতি মেটাভার্সের প্রথম ধাপ হিসেবে একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে বৈঠক করতে পারবেন মানুষ।

মাইক্রোসফট, রোবটিকস ও এপিক গেমসের মতো একাধিক প্রতিষ্ঠান নিজ নিজ সংস্করণের মেটাভার্সের পেছনে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে।

নিক ক্লেগ ও অলিভান আরো জানান, মেটাভার্সকে প্রাণদানের এ যাত্রার সময়টিতে উচ্চ বিশেষায়িত প্রকৌশলী নিয়োগ ফেসবুকের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি। এ অঞ্চলে আসন্ন নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে সঠিক ব্যক্তি খুঁজে পেতে এবং সঠিক বাজারে এটিকে এগিয়ে নিয়ে যেতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী।

এমন একটি সময় খবরটি সামনে এল, যখন নানা বিতর্কের মধ্য দিয়ে পার হতে হচ্ছে ফেসবুককে। ওয়াল স্ট্রিট জার্নাল এরই মধ্যে প্রতিষ্ঠানটিকে নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে উঠে এসেছে ফেসবুকের অভ্যন্তরীণ গবেষণা ধামাচাপা দেয়ার ঘটনা কিশোর বয়সীদের ওপর ইনস্টাগ্রাম বিরূপ প্রভাব রাখে তা জেনেও কিছু করেনি ফেসবুক।

ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রসদ হিসেবে ফেসবুকের অভ্যন্তরীণ নথিপত্র সরবরাহ করেছিলেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। পরে সিনেট সাবকমিটির সামনেও সাক্ষ্য দিয়েছেন তিনি। হাউগেনের অভিযোগ, ফেসবুক ব্যবহারকারীর চেয়ে মুনাফাকে প্রাধান্য দেয় বেশি। অন্যদিকে এ দাবি অস্বীকার করে জাকারবার্গ বলেন, এটি আদতে সত্যি নয়।