রিলসে একাধিক নতুন আপডেট চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এর মধ্যে এডিটিং টুলের ডিজাইনেও পরিবর্তন এনেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। আইওএস ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য নতুন এডিটর চালু রয়েছে বলে জানিয়েছে মেটা। খবর এনগ্যাজেট।
ব্লগপোস্টে মেটা জানায়, নতুন টুলটি সময় অনুযায়ী উপযুক্ত কনটেন্ট সরবরাহের জন্য সব উপাদানকে সুন্দরভাবে সাজিয়ে থাকে। কোম্পানিটি আরো জানায়, টিকটকের আধিপত্য রোধে এডিটিং টুলে আরো কিছু ফিচার যুক্ত করা হবে। এর মধ্যে একটি হলো ট্রেন্ডস ডেসটিনেশন। যেসব নির্মাতা ইনস্টাগ্রামে জনপ্রিয়তা পেতে চায় ও ফ্যান তৈরি করতে চায় তাদের জন্য টপ অডিও ও হ্যাশট্যাগ সুবিধা রয়েছে এতে। ড্যাশবোর্ড থেকে ট্যাবটিতে প্রবেশ করা যাবে। সেখানে কোনো গান কয়বার ব্যবহার করা হয়েছে সে-সংক্রান্ত তথ্য ব্যবহারকারী বা নির্মাতার সামনে থাকবে। এছাড়া নিজস্ব রিলসে ব্যবহারের জন্য অডিও সংরক্ষণও করা যাবে। মূলত টিকটকে কনটেন্ট নির্মাতারা সবচেয়ে জনপ্রিয় বিষয় সম্পর্কে জানতে পারে।