অস্ট্রেলিয়ার অন্যতম স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান মেডিব্যাংক প্রাইভেটের গ্রাহকদের মেডিকল তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এর মাধ্যমে দেশটিতে বড় ধরনের সাইবার হামলা হওয়ার বিষয়টি আরো প্রকট হয়ে উঠল। খবর রয়টার্স।

অস্ট্রেলিয়ার মোট অধিবাসীদের এক-ষষ্ঠাংশকে পরিষেবা দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি নাম না জানা একজন ব্যক্তি ১০০-এর বেশি গ্রাহকের চুরি হওয়া তথ্যের সম্পর্কে জানিয়েছে। এসব তথ্যের মধ্যে মেডিকেল ডায়াগনোসিস ও বিভিন্ন কার্যক্রম রয়েছে। হ্যাকাররা আক্রমণের মাধ্যমে ২০০ জিবির বেশি তথ্য চুরি করেছে। গত সপ্তাহের শুরুর দিকে প্রতিষ্ঠানটি হামলার বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করে।

বর্তমানে মেডিব্যাংক প্রাইভেটের ৪০ লাখের বেশি গ্রাহক রয়েছে। এ হামলায় তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে কিনা সে বিষয়ে প্রতিষ্ঠান কিছু জানায়নি। তবে ধীরে ধীরে এ সংখ্যা বাড়ার বিষয়ে সতর্ক করেছে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানায়, হামলার বিষয়টি সম্পর্কে জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বড় সংস্থাগুলোয় সাইবার হামলা বাড়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে।