ব্যবহারকারীদের জন্য ডাউনলোড ম্যানেজার, নতুন ডিজাইনের অ্যাটাচমেন্ট মেনু, অ্যান্ড্রয়েডের জন্য সেমি ট্রান্সপারেন্ট ইন্টারফেসসহ একাধিক ফিচার যুক্ত করেছে এনক্রিপ্টেড মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। খবর ইটি টেলিকম।

ডাউনলোড ম্যানেজারটি টেলিগ্রামের সবচেয়ে আকর্ষণীয় ফিচার। ব্যবহারকারী যখন কিছু ডাউনলোড করবেন তখন সার্চবারে থাকা লোগো থেকে এটি ব্যবহার করা যাবে। এর মধ্যে ব্যবহারকারীরা ডাউনলোডের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি একটি নতুন মেনু ব্যবহারের সুবিধা পাবেন। যার মাধ্যমে একবারে একাধিক ফাইল পাঠানো যাবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সনের অ্যাটাচমেন্ট মেনুতেও পরিবর্তন এনেছে প্লাটফর্মটি। নতুন ফাইল ট্যাবে সম্প্রতি পাঠানো ফাইলগুলো দেখাবে এবং নামের মাধ্যমে ব্যবহারকারীদের সেগুলো খুঁজে পেতে সাহায্য করবে।

এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে ওবিএস স্টুডিও এবং এক্সস্প্লিট ব্রডকাস্টারের মাধ্যমে স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে ব্রডকাস্ট করতে পারবে। পাশাপাশি ওভারলে ও মাল্টিস্ক্রিন লেআউট যুক্ত করতে পারবে। এসবের পাশাপাশি এনক্রিপ্টেড মেসেজিং প্লাটফর্মটি অ্যান্ড্রয়েড ও ম্যাকওএসভিত্তিক অ্যাপের লগইন ফ্লোতেও পরিবর্তন এনেছে।

নতুন নাইট মোডের বিষয়ে টেলিগ্রাম জানায়, অ্যান্ড্রয়েডের নাইট মোড এখন সেমি ট্রান্সপারেন্ট। ফলে ব্যবহারকারীরা প্যানেল ও হেডারের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ও স্টিকারও স্ক্রলিংয়ের সময় পরিষ্কার দেখতে পারবেন।