টুইটারের মতো মাইক্রোব্লগিং প্লাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়লেও সবাই কিন্তু সমানভাবে তা ব্যবহার করছেন না। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ৯৭ শতাংশ টুইট আসে মাত্র ২৫ শতাংশ ব্যবহারকারীর কাছ থেকে। মাত্র ৩ শতাংশ টুইট আসছে ৭৫ শতাংশ ব্যবহারকারীর কাছ থেকে।

যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি ৫০ লাখ টুইটার ব্যবহারকারী বিভিন্ন উদ্দেশ্যে প্লাটফর্মটি ব্যবহার করেন। সংবাদ, খেলাধুলা, রাজনীতি, সেলিব্রিটি গশিপের মতো বিভিন্ন বিষয়ের সঙ্গে ওয়াকিবহাল থাকতে টুইটার ব্যবহার করে আসছে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের এক-চতুর্থাংশ। শুধু টুইটারই নয়, অন্যান্য সোস্যাল প্লাটফর্মেও একই দৃশ্য দেখা যায়। দেখা গেছে, কোন প্লাটফর্মে পোস্টদাতাদের চেয়ে নীরব দর্শকের সংখ্যা বেশি। আবার যারা অধিক টুইট করেন, তাদের টুইটে সে রকম প্রতিক্রিয়া দেখা যায় না। প্রতি মাসে গড়ে ৬৫টি টুইট করছেন সর্বোচ্চ টুইটদাতা ২৫ শতাংশ আমেরিকান। প্রতি মাসে ওই টুইটগুলো গড়ে মাত্র ৩৭টি লাইক ও একটি রিটুইট পাচ্ছে। এ ব্যবহারকারীরা প্রতিদিনই টুইটার ভিজিট করে এবং ২০ শতাংশ বলছে, তারা এতবার লগইন করে হিসাব রাখে না। নীরব ব্যবহার নিয়েও কিছু ইতিবাচক দিক

দেখা যাচ্ছে। প্রায় ৪৬ শতাংশ প্রাপ্তবয়স্ক টুইটার ব্যবহারকারী বলছে প্লাটফর্ম ব্যবহারে চলতি ঘটনাবলি নিয়ে তাদের সচেতনতা বেড়েছে। আবার ৪২ শতাংশ ব্যবহারকারী বলছে, এ প্লাটফর্মটি ব্যবহারের প্রধান কারণ বিনোদন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ শতাংশ বলছে, চলতি ইস্যু নিয়ে ওয়াকিবহাল থাকার জন্য টুইটার ব্যবহার করছেন।