রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের ধরে একের পর এক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে রাশিয়ার ওপর। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে চির ধরছে। করপোরেট সংস্থা বাদেও টেক প্রতিষ্ঠানগুলো সম্প্রতি রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় রাশিয়া ও বেলারুশে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) নতুন ভোক্তাদের অ্যাকাউন্ট গ্রহণ বন্ধ করেছে অ্যামাজন। সম্প্রতি এক ব্লগপোস্টে এ তথ্য জানায় ইন্টারনেটভিত্তিক রিটেইল জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
অ্যামাজনের এক মুখপাত্র বলেন, চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় কার্যক্রম পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর কারণে বর্তমানে আমরা রুশ ভোক্তাদের নতুন এডব্লিউএস অ্যাকাউন্ট গ্রহণ করছি না। তবে বিশ্লেষকদের ধারণা অ্যামাজনের এ পদক্ষেপের কারণে রাশিয়ায় বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। অ্যামাজনের বিদ্যমান নীতিতে রুশ সরকারের সঙ্গে কোনো ব্যবসা না করার কথা আগেই উল্লেখ রয়েছে।










