হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং চালু ও বন্ধ করার সুবিধা চালু করতে যাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ওয়াবেটাইনফো সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গ্যাজেটস নাউ।

আইওএস প্লাটফর্মের হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে এ ফিচার চালু করা হবে বলে জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইওএসের হোয়াটসঅ্যাপ বেটার নতুন ভার্সনে ভয়েস রেকর্ডিং চালু ও বন্ধের সুবিধা চালু করা হচ্ছে। তবে কিছু বেটা ব্যবহারকারী আগের ভার্সনেই এ ফিচার ব্যবহারের বিষয়ে জানিয়েছেন।

বেটা ভার্সনে চালুর পর স্টেবল ভার্সনেও এ সুবিধা চালু করা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনেও এ সুবিধা আনা হবে। ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, নতুন ফিচারটি ভয়েস রেকর্ডিং অপশনের ইন্টারফেসেও পরিবর্তন নিয়ে আসবে। যদি কেউ অডিও মেসেজ রেকর্ডিংয়ের সময় ওয়েভফর্ম দেখতে পান, তাহলে বুঝতে হবে, সেখানে পজ বা বিরতি দেয়ার অপশনও রয়েছে।

ভয়েস রেকর্ডিং চালুর পর পজ বাটনের খোঁজ করতে হবে। বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে অডিও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। ওয়াবেটাইনফো জানায়, পজ বা বিরতি দেয়ার পর একজন ব্যবহারকারী পুনরায় রেকর্ডিং শুরু করতে পারবেন বা চালু করতে পারবেন। তবে এ অপশনটি কতক্ষণ কাজ করবে বা অন্য কোনো চ্যাটে চলে গেলে থাকবে কিনা, সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।