সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) ধ্বংস করার জন্য বছরে ২০ লাখ ডলার ব্যয় করে ভারত সরকার ও সরকারি খাতের সংস্থাগুলো। তথ্য সংরক্ষণের জন্য ডিভাইসটি আলাদাভাবে ল্যাপটপ, ডেস্কটপ ও সার্ভারে ব্যবহূত হয়। সম্প্রতি ব্লাংকো টেকনোলজি গ্রুপের এক নতুন গবেষণা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইটি টেলিকম।

ধ্বংস ছাড়াও এসএসডি পরিবর্তনের জন্য আরো ৩৫ লাখ ডলার খরচ হয়। ফলে সরকারি খাতের প্রযুক্তি ধ্বংস করার জন্যই মোট ব্যয় দাঁড়ায় ৫৫ লাখ ডলারে। গবেষণার জন্য ব্লাংকো নয়টি দেশের ৫৯৬ জন সরকারি প্রযুক্তি নেতার সঙ্গে কথা বলে। এর মধ্যে ৭০ জনই ভারতের। এভাবে ধ্বংস করায় পরিবেশের ওপর কতটা ঝুঁকি তৈরি হচ্ছে তাও গবেষণায় তুলে আনা হয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারী ভারতীয়দের মধ্যে ৪০ শতাংশ মনে করেন, এভাবে ধ্বংস করার পরিবর্তে এসএসডির পুনর্ব্যবহার ভালো সমাধান। ৯৬ শতাংশ জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান এ ধ্বংসযজ্ঞের কারণে হওয়া পরিবেশগত ক্ষতির প্রভাব কমাতে পরিকল্পনা সাজিয়েছে। তবে মাত্র ২৬ শতাংশ সেসব পরিকল্পনা কার্যকরভাবে প্রয়োগ করতে পেরেছে। যদিও নিরাপত্তার কারণে ডিকমিশন করা ড্রাইভে কোনো বিশেষায়িত বা গোপন তথ্য থাকলে তা ধ্বংস করে দেয়া আবশ্যক। আর অন্যান্য তথ্য বহনকারীর জন্য ডাটা স্যানিটাইজেশন সমাধান তো আছেই।

অংশগ্রহণকারী ভারতীয়দের ৮৯ শতাংশ জানান, তারা ড্রাইভগুলোকে স্যানিটাইজ করার জন্য সেগুলো আবার রিফরম্যাট করে নেন। তাতেও বহন বা সংরক্ষণের সময় ঝুঁকিতে পড়তে পারে ড্রাইভ। তাছাড়া বেশির ভাগ তথ্যই অনলাইনে সহজলভ্য ফরেনসিক টুল ব্যবহারের মাধ্যমে পুনরুদ্ধার করা যায়।