যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় উন্নত প্রযুক্তির চিপ নির্মাণ কারখানায় যৌথভাবে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে ইন্টেল করপোরেশন ও কানাডার ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। এ বিনিয়োগ ইন্টেলের আরো বেশি চিপ উৎপাদনের উচ্চাকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করবে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।
দেড় হাজার কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে সম্প্রসারণকাজে ৪৯ শতাংশ অংশীদারত্ব থাকবে ব্রুকফিল্ডের। অন্যদিকে অ্যারিজোনার চ্যান্ডলারে দুটি অগ্রসর চিপ তৈরির কারখানার সিংহভাগ শেয়ার ও পরিচালনার ভার থাকবে ইন্টেলের।
ইন্টেলের ফাইন্যান্স চিফ ডেভিড জিন্সনার বিশ্লেষকদের বলেন, বিনিয়োগের সুদহার ৪ দশমিক ৪ থেকে ৮ দশমিক ৫ শতাংশের মধ্যে।
ব্রুকফিল্ডের মতো মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ফাউন্ড্রি শিল্প অনেকটা সোনার ডিম পাড়া রাজহাঁসের মতো। সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আস্থার প্রতিফলন ঘটেছে বড় অংকের এ বিনিয়োগের ঘোষণায়।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টে সই করেন। এ আইনের ফলে মার্কিন সেমিকন্ডাক্টর খাত সম্প্রসারণে ৫ হাজার ২৭০ কোটি ডলারের ভর্তুকি ও সহায়তা উন্মুক্ত হয়।










