দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট ব্যবহারকারী বা অধিবাসীদের ওপর হামলা চালাতে নতুন উদ্যোগ নিয়েছে উত্তর কোরিয়া। হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার নাভেরের মতো দেখতে নকল ওয়েবসাইট তৈরি করেছে বলে দাবি দেশটির গোয়েন্দা সংস্থার।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, চলতি সপ্তাহে সতর্কবার্তা জারি করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)। বার্তায় নাভের পোর্টাল নামে পরিচিত ওয়েবসাইটে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে। সংস্থাটি আরো জানায়, ভুয়া পোর্টাল বানানোর পেছনে থাকা হ্যাকার দলের কার্যক্রম শনাক্তে তারা বিভিন্ন বিদেশী সংস্থার সঙ্গে কাজ করছে।
সম্প্রতি দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দক্ষিণ কোরীয়দের লক্ষ্য করে উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। প্রযুক্তি জায়ান্ট নাভের পরিচালিত এ পোর্টাল দক্ষিণ কোরিয়ার সর্বাধিক ব্যবহৃত ওয়েব পোর্টাল ও সার্চ ইঞ্জিন। এতে ই-মেইল থেকে শুরু করে সংবাদ অ্যাগ্রিগেশন ও অনলাইন শপিংয়ের মতো সুবিধা রয়েছে। তবে ভুয়া পোর্টালটির শিকার ব্যক্তির সংখ্যা বা তাদের পরিচয় প্রকাশ করেনি এনআইএস।
কোম্পানিটির একজন মুখপাত্র নাভেরে প্রবেশের সময় ব্যবহারকারীদের ডোমেইন ঠিকানা সঠিকভাবে যাচাইয়ের অনুরোধ জানান। এর আগেও সাইবার হামলা চালিয়ে কয়েক লাখ ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তবে বরাবরই সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে আসছে পিয়ংইয়ং।
বছরের শুরুতে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে, ২০২২ সালে অন্যান্য বছরের চেয়ে বেশি ক্রিপ্টো সম্পদ চুরি করেছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক নিয়ন্ত্রকরা বলছে, নিষিদ্ধ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে উত্তর কোরিয়া এ চুরি করা অর্থ ব্যবহার করছে।
প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের ৭০ শতাংশই পরিচালিত হয় ই-মেইলের মাধ্যমে। গত মাসে এনআইএস বলেছে, এর বেশির ভাগই ঘটে নাভের বা ডাউমের মতো দক্ষিণ কোরীয় ওয়েব পোর্টালের ছদ্মবেশে।










