প্রতি সপ্তাহে এমআইইউআইয়ের বেটা ভার্সনে বিভিন্ন বাগের সমাধান দেয়ার পাশাপাশি নতুন ফিচার নিয়ে আসে চীনের অন্যতম স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি। সম্প্রতি নতুন ভার্সন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এ আপডেটে ফ্রন্ট ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট নামে নতুন ফিচার নিয়ে এসেছে এ প্রযুক্তি জায়ান্ট। খবর গিজমোচায়না।
এমআইইউআই কেন্দ্রিক টেলিগ্রাম চ্যানেল এমআইইউআইইএসের তথ্যানুযায়ী, মোবাইল অপারেটিং সিস্টেমে ফ্রন্ট ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট নামের নতুন ফিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বেটা ভার্সনের সর্বশেষ সংস্করণে এ ফিচার চালু করা হয়েছে।
নতুন ফিচারে ফ্রন্ট ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ও বিউটিফাই ফর ভিডিও কলস নামে দুটি অপশন রয়েছে। ফ্রন্ট ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ফিচার চালু করলে সেটি পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ডিসপ্লে লাইট বাড়াতে বা কমাতে সাহায্য করে। অন্যদিকে দ্বিতীয় ফিচারটি চালু করলে সেটি কল চলাকালে বিউটিফিকেশনস ফিল্টার ব্যবহার করে। তবে শাওমির আগে চীনের উইচ্যাট এরই মধ্যে এ ফিচারের ব্যবহার শুরু করে দিয়েছে বলে জানা গেছে।
কয়েক বছর আগে শাওমি বৈশ্বিকভাবে এমআইইউআই গ্লোবাল উইকলি ভার্সন উন্মুক্ত করা বন্ধ করে দিয়েছে। ফলে যদি কেউ এ ফিচার ব্যবহার করতে চান, তাহলে স্মার্টফোনের বুটলোডার আনলক করে এমআইইউআই চায়না উইকলি বেটা রম ইনস্টল করে নিতে হবে।










