ওয়ার্কস্পেসে নতুন আপডেট যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে ড্রাইভে কোনো ক্ষতিকর ফাইলের সন্ধান পেলে সেটি শনাক্তের পাশাপাশি ব্যবহারকারীদের ই-মেইল প্রদানের মাধ্যমে সতর্ক করবে গুগল। খবর গ্যাজেটস নাউ।
যেসব ফাইল গুগলের পরিষেবা ও স্প্যাম-সংক্রান্ত নীতিমালার বিরুদ্ধে যাবে সেগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। শনাক্তের পর ক্ষতিকর ফাইলগুলোয় প্রবেশাধিকার সীমিত করা হবে। নির্মাতা বা মালিক ফাইলটি দেখতে পেলেও শেয়ার করতে পারবেন না। শেয়ারযোগ্য লিংকের ক্ষেত্রেও এটি কাজ করবে। নতুন আপডেটটি চালু করেছে গুগল। দুই সপ্তাহের মধ্যে এটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।
শনাক্তকারী ফাইলগুলো আলাদা করতে সেগুলোর পাশে আলাদা চিহ্ন দেয়া থাকবে। ই-মেইলের ক্ষেত্রে ফাইলের মালিকরা স্প্যাম হিসেবে সেগুলো চিহ্নিতের বিষয়ে আবেদন করতে পারবেন। যদি ফাইলটি একাধিক অ্যাকাউন্টের কাছে শেয়ার করা হয় তাহলে স্টোরেজের ম্যানেজারের কাছে ই-মেইল পাঠানো হবে।
এক ব্লগপোস্টে গুগল জানায়, নতুন ফিচারের মাধ্যমে অ্যাকাউন্টের মালিকরা তাদের ফাইলের প্রকৃত অবস্থার বিষয়ে জানতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীরা যেন ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষিত থাকে, সেটিও নিশ্চিত করা হবে।
নতুন ফিচারে কোনো অ্যাডমিন কন্ট্রোল দেয়া হয়নি। এর আগে গুগল ড্রাইভের মাধ্যমে ক্ষতিকর ও পাইরেটেড কনটেন্ট শেয়ারের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে গুগল কোনো ফাইল শেয়ারের আগে সেটি যাচাই-বাছাই করতে পারবে।










