আগামী প্রজন্মের সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেয়ার জন্য বিশেষায়িত চিপ স্কুল খুলতে যাচ্ছে তাইওয়ান। গুরুত্বপূর্ণ এ শিল্প খাতে নিজের প্রভাব নিশ্চিত করতে বছরব্যাপী পরিকল্পনা নিচ্ছে দেশটি। খবর রয়টার্স।
দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন প্রথম এ পরিকল্পনার কথা জানান। কারণ বিশ্বব্যাপী এখন চিপ কোম্পানিগুলো এমন ধরনের ‘মস্তিষ্ক’
তৈরিতে বিনিয়োগ করছে, যা স্মার্টফোন থেকে শুরু করে ফাইটার জেট পর্যন্ত সবকিছুতে ব্যবহার হয়। বিশ্বব্যাপী এখন চিপ সংকট প্রবল। চিপ জায়ান্ট টিএসএমসি এ বছর এককভাবে চিপ তৈরিতে ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় করবে এবং আরো আট হাজার কর্মী নিয়োগ দেবে।
টিএসএমসির চিফ টেকনোলজি অফিসার পদ থেকে ২০১৮ সালে পদত্যাগ করা জ্যাক সান একটি নতুন সেমিকন্ডাক্টর গ্র্যাজুয়েট স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রয়টার্সকে বলেন, বিশ্বে চলমান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চিপ কোম্পানিগুলোর আরো বেশি ও ভালো প্রতিভা দরকার।
সান বলেন, আমার জীবনের সোনালি সময়ের কিছুটা আমি প্রতিভা উন্নয়নে দিয়ে দেব। আরেকটি চিপ স্কুলের ডিন বার্ন লিন। চিপ শিল্প খাতের এ স্বনামধন্য ব্যক্তিও সানের মতো এখন প্রশিক্ষক হয়ে উঠছেন। এসব স্কুল পরিচালন ব্যয়ের জন্য শীর্ষস্থানীয় চিপ কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছে তাইওয়ান সরকার।










