ভিয়েতনামের উত্তরে কার্যক্রমের পরিধি বাড়াতে এবং উৎপাদন বহুমুখী করতে আরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন। এ লক্ষ্যে দেশটির অন্যতম ডেভেলপার কিনহ বাক সিটির সঙ্গে ৩০ কোটি ডলারের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। খবর রয়টার্স।

টুওই ট্রে সংবাদপত্রের তথ্যানুযায়ী, বাক জিয়াং প্রদেশে ১২৫ একর জমির ওপর তাইওয়ানের প্রতিষ্ঠানটির নতুন কারখানা স্থানীয় পর্যায়ে ৩০ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সাবেক হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি এবং বর্তমানে ফক্সকন ও কিনহ বাক শহরের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফক্সকন উত্তর ভিয়েতনামে অ্যাপল ওয়াচ উৎপাদন শুরু করেছে। এর পর পরই কারখানা স্থাপনের নতুন তথ্যটি সম্মুখে এসেছে। টুওই ট্রের প্রতিবেদন অনুযায়ী, ১৫ বছরের বেশি সময় ধরে বাক জিয়াংয়ে কার্যক্রম পরিচালনা করছে ফক্সকন। প্রতিষ্ঠানটি এর মধ্যে তাদের আইপ্যাড ও এয়ারপডস উৎপাদনের কিছু অংশ বাক জিয়াংয়ের কুয়াং চাউ ইন্ডাস্ট্রিয়াল পার্কে সরিয়ে নিয়েছে।

১২৫ একর জমিতে স্থাপিত হতে যাওয়া কারখানায় কোন ধরনের পণ্য উৎপাদন করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ভিয়েতনাম সরকার জানায়, গত বছর ফক্সকন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে।