চীনের ডংগুয়ান প্রদেশের সোংশান লেকে বৃহত্তম হেলথ ল্যাব চালু করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। স্মার্ট হেলথ ও ফিটনেস ওয়্যারেবল ডিভাইসের ব্যবহার বিস্তারে ও সহায়তা প্রদানে এটি স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না ও ম্যানিলা বুলেটিন।
স্মার্ট ওয়্যারেবল ডিভাইস-সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ২০ কোটি ইউয়ান ব্যয়ে এ হেলথ ল্যাব স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এটি হুয়াওয়ের বিদ্যমান ল্যাবগুলোর মধ্যে সবচেয়ে বড়। সেই সঙ্গে এখানে স্মার্ট ওয়্যারেবল সম্পর্কিত সব বিষয়ের জন্য ৮০টির বেশি সিমুলেশন পরীক্ষার সুবিধা রয়েছে। ল্যাবটি হুয়াওয়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী দলকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে কাজ করার পাশাপাশি স্মার্ট ডিভাইসের উন্নয়নে সহায়তা করবে।
নতুন ল্যাবটি চীনের জিয়ানে হুয়াওয়ের বিদ্যমান ল্যাবে অত্যন্ত প্রয়োজনীয় সক্ষমতা ও সম্ভাবনা যোগ করেছে, যা স্বাস্থ্য ও সুস্থতার জন্য উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করবে। এক বিবৃতিতে হুয়াওয়ে জানায়, পণ্য, মান, সার্টিফিকেশন ও শিল্পের ইনকিউবেশন কার্যক্রমের জন্য নিবেদিত একটি বিশ্বমানের স্বাস্থ্য ও সুস্থতা-সংক্রান্ত প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হওয়া হুয়াওয়ে হেলথ ল্যাবের লক্ষ্য। অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও প্রযুক্তি সংবলিত ল্যাবটি শক্তিশালী স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থার জন্য নতুন ওয়্যারেবল প্রযুক্তির বিস্তারে সহায়তা করবে। ল্যাবে স্থাপিত দ্য প্ল্যাটো ব্লাড সিমুলেশন ল্যাবরেটরি অক্সিজেন স্তরের সম্পৃক্ততার ওপর বিভিন্ন পরীক্ষা পরিচালনার পাশাপাশি মানবদেহের কার্যক্রমে কী প্রভাব ফেলে তা নির্ধারণে সহায়ক।










