বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৩ ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহার করতে যাচ্ছে অ্যাপল। ম্যাকবুকে ব্যবহূত হতে যাওয়া এম২প্রো ও এম২ম্যাক্স চিপ উৎপাদনে এ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে কমার্শিয়াল টাইমসের এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। খবর গ্যাজেটস নাউ।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ২০২২ সালের দ্বিতীয়ার্ধে এম২প্রো চিপসেটগুলোর জন্য প্রথম প্রতিষ্ঠান হিসেবে এ প্রযুক্তি ব্যবহার করবে। এরপর টেক জায়ান্টটি ২০২৩ সালের আইফোনের জন্য নির্ধারিত এ১৭ ও তৃতীয় প্রজন্মের এম সিরিজের চিপসেটের জন্য এ প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গিয়েছে। ৩ ন্যানোমিটারের প্রসেস নোডটি চিপসেটের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের ব্যবহার কমাবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো, ম্যাক মিনিসহ চলতি বছরের শেষে ও ২০২৩ সালের শুরুতে বাজারজাত করতে যাওয়া প্রায় সব ডিভাইসে এম২প্রো ও এম২ম্যাক্স চিপ ব্যবহার করতে পারে বলে জানানো হয়েছিল। প্রতিবেদনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে একটি বিষয় প্রতীয়মান যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি অন্তত ৩ ন্যানোমিটারের প্রসেস নোড ব্যবহার করবে। কমার্শিয়াল টাইমস প্রকাশিত আগের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে টিএসএমসি ব্যাপক হারে ৩ ন্যানোমিটারের ওয়াফার উৎপাদন শুরু করবে। প্রতিবেদনে দাবি করা হয়, টিএসএমসি ৩ ন্যানোমিটার এন৩ই প্রসেস নোডের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে। মূলত এটি আগের প্রযুক্তির উন্নত ভার্সন হবে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে এন৩ই প্রসেস নোডের ব্যাপক উৎপাদন শুরু হবে।










