চীনে ইনক্যারিয়ার নামে একটি অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে পেশাজীবী সাইট লিংকডইন। চীনে মূল সাইটটির কার্যক্রম বন্ধের দুই মাসের মধ্যে এ ঘোষণা দিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খবর টেক রাডার।

লিংকডইনের নতুন অ্যাপটি মূল ভূখণ্ড চীনে চাকরি খুঁজে পেতে সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ইনক্যারিয়ার অ্যাপটি ডাউনলোড করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ অ্যাপটিতে লিংকডইনের মতোই চাকরির সন্ধান, নিয়োগকারীদের জন্য বিভিন্ন টুলস, মেসেজিং ফিচার থাকবে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র মোহাক শ্রফ একটি ব্লগে  লেখেন, ইনক্যারিয়ার দিয়ে সবে যাত্রা শুরু হলো। আগামী মাসগুলোয় এর ওপর ভিত্তি করে সদস্য ও ভোক্তাদের ফিডব্যাক গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বমানের সেবা দেবে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনের স্থানীয় লিংকডইন সংস্করণ থেকে কিছুটা ভিন্ন হবে ইনক্যারিয়ার। নতুন অ্যাপটিতে লিংকডইনের মতো সোস্যাল ফিড ফিচারে আর্টিকেল বা পেস্ট শেয়ার করা যাবে না।