বিভিন্ন তথ্য উদঘাটনের প্রাথমিক পর্যায়ে বিদেশী চুক্তি ব্যবসার মাধ্যমে মাইক্রোসফটের বিরুদ্ধে বিস্তৃত আকারে ঘুষ লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। ফাঁসকারী জানান, প্রতি বছর প্রতিষ্ঠানটি ঘুষ হিসেবে ২০ কোটি ডলারেরও বেশি লেনদেন করেছে। খবর আইএএনএস।

বিপুল লেনদেনের বেশির ভাগই ঘানা, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, কাতার ও সৌদি আরবে সম্পন্ন হয়েছে। ১৯৯৮ সালে মাইক্রোসফটে চাকরি পান ইয়াসির ইলাবড। পরের ২০ বছর তিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রতিষ্ঠানের পণ্য ছড়িয়ে দেয়ার কাজ করেন। তার মতে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় অবৈধ লেনদেন করছে মাইক্রোসফট।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্রমবর্ধমান বাজারে পরিচালক হিসেবে বেশ সফল ছিলেন তিনি, পেয়েছিলেন পদোন্নতিও। তথ্য ফাঁসসংক্রান্ত প্লাটফর্ম লাওনেসে প্রকাশিত এক লেখায় তিনি বলেন, অবাক হয়ে দেখলাম আমার তুলনায় নিম্নপদে কর্মরত তরুণ কর্মীরাও বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন এবং দামি বাড়ি কিনছেন। আমি আমার ক্যারিয়ারের সফলতা সত্ত্বেও বাড়ি বা বিলাসবহুল কোনো কিছু কিনতে পারিনি।

ইলাবড জানান, ২০১৬ সালে ৪০ হাজার ডলারে আফ্রিকান একটি দেশে চুক্তি বন্ধের কাজ ত্বরান্বিত করার জন্য একটি অনুরোধ আসে। তখনই তিনি বুঝতে পারেন খারাপ কিছু একটা হচ্ছে। পরে তিনি এসব বিষয় মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও এইচআর এক্সিকিউটিভকে জানান। তখন তাকে বলা হয়, তিনি মাইক্রোসফট থেকে বেরিয়ে যাওয়ার ওয়ান ওয়ে টিকিট বুক করেছেন।