বাংলাদেশ উইমেন্স সুপার লিগ (ডব্লিউএসএল) ফুটবল টুর্নামেন্টের বিনোদন পার্টনার হিসেবে চুক্তি করেছে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্লাটফর্ম টিকটক। চলতি মাসেই এ প্রতিযোগিতা শুরু হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কে স্পোর্টসের সহযোগিতায় দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের অফিশিয়াল পার্টনার হতে যাচ্ছে প্লাটফর্মটি।
দক্ষিণ এশিয়ার প্রথম এই নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ ‘ডব্লিউএসএল’ অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। লিগে চারটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। প্রত্যেক ফ্রাঞ্চাইজিতে ১৮ জন খেলোয়াড় থাকবেন। যাদের মধ্যে ১৩ জন দেশী ও পাঁচজন বিদেশী খেলোয়াড় থাকবেন।
ডব্লিউএসএল এবং টিকটকের পার্টনারশিপের ফলে এখন থেকে ‘হ্যাশট্যাগ ডব্লিউএসএলবিডি’ ব্যবহার করে সমর্থকরা একসঙ্গে ম্যাচের সব স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করতে পারবে। টিকটকের দাবি, একটি অনলাইন অঙ্গন তৈরি করে ফ্যানদের খেলার সুযোগ করে দেয়া এবং সেই সঙ্গে পার্টনারশিপটি প্লাটফর্মের বাংলাদেশী কমিউনিটিকে ফুটবলের সঙ্গে জড়িত করার নতুন উপায়ও বলে দেবে।
টিকটক এবং ডব্লিউএসএলের এ পার্টনারশিপ নারীদের খেলাধুলার প্রচার এবং বাংলাদেশের স্পোর্টস নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুযোগ সৃষ্টির একটি উল্লেখযোগ্য মাইলফলক।










