ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীদের প্রোফাইলের সুরক্ষায় প্রটেক্টড ফিচার চালু করেছে ক্লাবহাউজ। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রোফাইল লক করতে পারবেন। পাশাপাশি ক্লাবহাউজে নির্ধারিত রুম ও ক্লাবের তথ্য গোপন রাখা যাবে। খবর এনগ্যাজেট।
ফিচারটি ব্যবহারের ফলে প্রোফাইলে আগে থেকে যারা যুক্ত ছিলেন, শুধু তারাই বিস্তারিত তথ্য দেখতে পারবে। যারা প্রোফাইলটি ফলো করেন না বা লিস্টে যুক্ত নেই, তারা অনলাইন স্ট্যাটাস দেখতে পারবে না।
ব্লগপোস্টে ক্লাবহাউজ জানায়, বিশ্বজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যমে পরিণত হতে পেরে আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা দ্বন্দ্ব ও যুদ্ধ পরিস্থিতিতে অনলাইন উপস্থিতি ও কনটেন্ট শেয়ারের গুরুত্বের বিষয়েও অবগত।
প্রায় দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে প্লাটফর্মটি। প্রতিনিয়ত হয়রানি ও অপব্যবহারের মতো ঘটনা ঘটলেও প্লাটফর্মটি অধিকাংশ ব্যবহারকারীকে মডারেশন ও নিরাপত্তা ফিচার ব্যবহারের সুবিধা দিতে পারেনি। ক্লাবহাউজের বেশকিছু ব্যবহারকারী প্লাটফর্মে হয়রানির শিকার হয়েছিল। পাশাপাশি এখানে ছদ্মনামে থাকাটাও কঠিন। কেননা যোগদানের জন্য ক্লাবহাউজ ব্যবহারকারীর ফোন নাম্বার চেয়ে থাকে এবং কন্টাক্ট লিস্টে থাকা অন্যদের অ্যাকাউন্ট খোলার আমন্ত্রণ বার্তা
দেয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পর এখন পর্যন্ত অনেক পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তবে ক্লাবহাউজই একমাত্র প্লাটফর্ম, যেটি রাশিয়ায় নিষিদ্ধ হয়নি এবং তাদের কার্যক্রম বন্ধে কোনো নির্দেশনাও দেয়া হয়নি।










