যুক্তরাজ্যে ল্যাপসাস হ্যাকার গ্রুপের কয়েকজন সদস্য আটকের পরও আক্রমণ থেমে নেই। সম্প্রতি গ্লোবান্টে হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার দলটি। এ পরিপ্রেক্ষিতে প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা হ্যাকার গ্রুপটি শিগগিরই তাদের কার্যক্রম বন্ধ করছে না। খবর টেকটাইমস।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হ্যাকার গ্রুপটির বিদ্যমান সদস্যরা এখনো ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক সিস্টেমে হামলা পরিচালনা করছে। চলতি সপ্তাহের শুরুতে গিজমোদো প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ল্যাপসাস হ্যাকার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত কিছু কিশোর অবৈধ কার্যক্রমের জন্য বর্তমানে শাস্তি ভোগ করছে।
হ্যাকার গ্রুপটির আরো কিছু সদস্য এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাই আটকদের হিসাব করে এখনো সাফল্য উদযাপন করা উচিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি প্রকাশনা প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান গ্লোবান্টে হ্যাকারদের আক্রমণের তথ্য পেয়েছে। সেখানে তারা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের পাসওয়ার্ডের তথ্য চুরি করেছে। পরবর্তী সময়ে হ্যাকাররা চুরিকৃত তথ্য থেকে ৭০ জিবি গুরুত্বপূর্ণ ফাইল অনলাইনে উন্মুক্ত করে দেয়।
গিজমোদোর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে গ্লোবান্ট কিছু তথ্য চুরির বিষয় স্বীকার করেছিল। প্রতিষ্ঠানটি জানায়, এখন পর্যন্ত আমরা এমন কোনো কিছুর সন্ধান পাইনি, যা আমাদের নেটওয়ার্ক অবকাঠামো ও গ্রাহকদের পরিষেবা ক্ষতিগ্রস্ত করেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, সাইবার নিরাপত্তার বিষয়ে অভিজ্ঞ একজনের সহায়তা চেয়েছে গিজমোদো। আর্টিকেলে গ্লোবান্ট থেকে সম্ভাব্য তথ্য চুরির বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
সাম্প্রতিক হামলায় ল্যাপসাসের সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হলে যেসব প্রতিষ্ঠান গ্লোবান্টের পরিষেবা নেয়, তারা বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে গ্লোবান্ট এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে তাদের সংযোগ স্থাপন করেছে। ১৯ বছর বয়সী প্রতিষ্ঠানটি গুগল ক্লাউড, অ্যাপল ও স্ল্যাকের মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে কাজ করে আসছে। গ্লোবান্টের আরেক সহযোগী প্রতিষ্ঠান অক্টায় হামলা চালিয়েছে ল্যাপসাস গ্রুপ। যুক্তরাজ্যে কয়েকজনকে আটক করা হলেও হামলা চালিয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক।










