স্মার্টওয়াচের বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির মধ্যে অ্যামাজফিট অন্যতম। অন্যান্য কোম্পানি স্মার্টফোনকেন্দ্রিক হলেও অ্যামাজফিট পুরোটাই ওয়্যারেবল-নির্ভর। সম্প্রতি নতুন স্মার্টওয়াচ পপ থ্রিএস উন্মোচন করেছে কোম্পানিটি। শিগগিরই ভারতের বাজারে ডিভাইসটি পাওয়া যাবে। বাজারে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ আছে। তবে এর মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচারটি বাজারে বড় ধরনের প্রভাব বিস্তার করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নতুন ওয়্যারেবল ডিভাইসটিতে ১ দশমিক ৯৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। এওডি ফিচার থাকায় কোনো নোটিফিকেশন আসামাত্রই ডিসপ্লে চালু হয়ে যাবে। এছাড়া সবসময় ডিসপ্লে অন থাকলেও ব্যাটারির ওপর তেমন চাপ পড়বে না। ওয়্যারেবলটির ডিসপ্লে রেজল্যুশন ৪১০×৫০২ পিক্সেল। স্মার্টওয়াচটিতে ১০০টি ওয়াচ ফেস দেয়া হয়েছে।
অ্যামাজফিট পপ থ্রিএস ডিভাইসে ২৪/৭ হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন পরিমাপ, স্ট্রেস মনিটর ও স্লিপ ট্র্যাকিং ফিচার রয়েছে। ওয়্যারেবল ডিভাইসটিতে ১০০টি স্পোর্টস মোড রয়েছে। ডিভাইসে ধুলা ও পানি নিরোধক আইপি৬৮ রেটিং রয়েছে। ব্লুটুথ এলই ৫.২ প্রযুক্তি থাকায় ব্লুটুথ কল সুবিধা পাওয়া যাবে। এতে ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা ১২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। ডিভাইসটির দুটি নেতিবাচক দিকও রয়েছে। আধুনিক ওয়্যারেবল ব্র্যান্ড হলেও এতে জিপিএস বা এনএফসি ফিচার দেয়া হয়নি। তাই জিওলোকালাইজেশন ও কার্ডবিহীন লেনদেনের জন্য স্মার্টফোন বহন করতে হবে।
সিলিকন স্ট্র্যাপসহ অ্যামাজফিট পপ থ্রিএস ৩ হাজার ৪৯৯ রুপি বা ৪২ ডলারে পাওয়া যাবে। অন্যদিকে মেটাল স্ট্র্যাপসহ ডিভাইসটি ৩ হাজার ৯৯৯ রুপি বা ৪৮ ডলারে কেনা যাবে। গিজচায়না










