জাপানে নিবন্ধিত হতে প্রয়োজনীয় শর্তগুলো মেনে চলতে সম্মত হয়েছে টিকটক, মেটাসহ বিভিন্ন কোম্পানি। দীর্ঘদিন ধরে সরকারের চাপ উপেক্ষা করে এলেও গত মঙ্গলবার নিবন্ধন শর্তমালায় স্বাক্ষর করেছে তারা। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাপানে ব্যবসা করছে এমন বহুজাতিক কোম্পানিগুলোর জাপানি শাখার রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে সেগুলোর আন্তর্জাতিক সদর দপ্তরও সেখানে নিবন্ধিত হতে হবে। অনলাইন হয়রানির মতো বিভিন্ন অপরাধ দমন করতে দেশটির সরকার এ কঠোরতা আরোপ করেছে। এতে এ ধরনের কোম্পানিগুলো দেশটির আইনের আওতায় আসবে। দেশটির আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় গত মার্চে সেখানে চলমান টেলিকমিউনিকেশন আইন ভঙ্গ করছে এমন ৪৮টি কোম্পানিকে প্রয়োজনীয় নথি জমা প্রদানের নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করে কিছু কিছু কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ফাইল জমা না দেয়ায় শাস্তিস্বরূপ জরিমানা করার ঘোষণা দেয় দেশটির আইন মন্ত্রণালয়। এতে ২৮টি কোম্পানি তাদের নিবন্ধন সম্পন্ন করে।
গত এপ্রিলে অবশ্য মেটা জাপানভিত্তিক নিক্কেইকে জানায়, তারা আর দেশটিতে ব্যবসা চালাবে না। ফলে দেশটির মন্ত্রণালয় ধরে নিয়েছিল, মেটার নিবন্ধন করতে হবে না। পরে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কোম্পানিটি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
এদিকে টিকটক তার নিবন্ধন গত জুলাইয়েই শেষ করেছে। একই মাসের শেষের দিকে গুগল ও মাইক্রোসফটও তাদের নিবন্ধনকাজ চূড়ান্ত করেছে। কিন্তু মেটা ও টুইটার এখনো তা করেনি। টুইটার তার নিবন্ধনে আরো সময় চেয়েছে।










