টুইটার নিয়ে প্রথমবার নিজের পরিকল্পনার
কথা জানালেন নতুন প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ইয়াকারিনো। সপ্তাহ খানেক আগে ইলোন
মাস্কের হাত থেকে দায়িত্ব নেন তিনি। এর মধ্যে তৈরি করেছেন ‘টুইটার ২.০’ এর রূপরেখা।
খবর বিবিসি।
মাইক্রো ব্লগিং প্লাটফর্মটিকে বিশ্বের
সবচেয়ে নির্ভুল তথ্যের রিয়েল টাইম বা হালনাগাদ উৎস হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা লিন্ডার।
গত বছর টুইটার কেনার পর থেকে ভুল তথ্য
মোকাবেলায় নেয়া মাস্কের একাধিক পদক্ষেপ সমালোচনার সম্মুখীন হয়। এমনকি গত মাসে সংস্থাটির
ট্রাস্ট অ্যান্ড সেফটি বিষয়ক প্রধান চাকরি ছাড়েন। টুইটারে ছাড়তে হয় ইউরোপিয়ান ইউনিয়নের
ডিসইনফরমেশন কোড।
লিন্ডা ইয়াকারিনো একগুচ্ছ টুইটের পাশাপাশি
কর্মীদের কাছে ইমেল করেছেন। সেখানে মাস্কের লক্ষ্যের প্রতিধ্বনি করে বলেন, টুইটারকে
‘গ্লোবাল টাউন
স্কোয়ার’-এ রূপান্তর করতে
হবে।
তার পরিকল্পনা অনুসারে তথ্যের খোলামেলা
আদান-প্রদানের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে টুইটার।
গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার
কেনেন ইলোন মাস্ক। এরপর ব্যাপক রদ-বদল ও ছাঁটাই হয়। তখন থেকেই নতুন নেতৃত্ব খুঁজে বের
করার জন্য চাপের মধ্যে ছিলেন মাস্ক। এ কারণে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও রকেট
ফার্ম স্পেসএক্সসহ অন্যান্য উদ্যোগে কম সময় দিচ্ছেন; এমন অভিযোগ তুলে তার ওপর নাখোশ
ছিল অংশীদাররা।
এর আগে মিডিয়া জায়ান্ট এনবিসিইউনিভার্সলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে লিন্ডা ইয়াকারিনোর। মাস্ক ঘোষিত সময়ের আগেই তিনি টুইটারে দায়িত্ব পালন শুরু করেছেন।










