অ্যাপলের অ্যাপ স্টোরে ভুয়া আর্নি বট অ্যাপ রাখার অভিযোগে মামলা করেছে চীনের সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। অ্যাপল ও ভুয়া অ্যাপগুলোর ডেভেলপারদের বিরুদ্ধে এ মামলা হয়েছে। খবর রয়টার্স।

গত মাসে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আরনি বট চালু করেছে প্রতিষ্ঠানটি। মূলত যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে আসা চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এ বট চালু করা হয়েছে। বাইদু জানায়, বেইজিংয়ের হাইদিয়ান পিপলস কোর্টে ভুয়া আর্নি বট অ্যাপ ডেভেলপার ও প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এক বিবৃতিতে চীনের সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, এখন আনুষ্ঠানিকভাবে আরনি বটের কোনো অ্যাপ প্রকাশ করা হয়নি। বাইদু এআই চ্যানেলে উইচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এ পোস্ট করা হয়। বিবৃতির সঙ্গে আদালতে দায়ের করা মামলার একটি ছবিও যুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানায়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেয়া পর্যন্ত যদি অ্যাপ স্টোর বা অন্য কোথাও আর্নি বট অ্যাপ দেখা যায় তাহলে সেগুলোকে ভুয়া ধরে নিতে হবে। এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।