অনলাইনে গ্রাহকদের অধিকতর নিরাপত্তা প্রদানে এবং উন্নত অভিজ্ঞতা অর্জন নিশ্চিতে কনটেন্ট মডারেশন সহায়তা প্রতিষ্ঠান টু হ্যাট অধিগ্রহণের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। খবর আইএএনএস ও মাইক্রোসফট ব্লগ।
বিশ্বজুড়ে অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ছড়িয়ে দেয়ার মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ কারণে বর্তমানে অধিক কার্যকর ও সক্রিয় কনটেন্ট মডারেশন প্রয়োজন বলে জানায় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট জানায়, যেকোনো অনলাইন সম্প্রদায়ের উন্নতির জন্য কনটেন্ট মডারেশন খুবই কঠিন একটি পদ্ধতি। এর মাধ্যমে গ্রাহকদের ইতিবাচক ব্যবহার অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি প্রতি মুহূর্তে সবকিছু নজরদারিতে রাখতে হয়। বিশ্বজুড়ে অবস্থানরত বিচিত্র অনলাইন কমিউনিটিকে রক্ষায় মাইক্রোসফট ও টু হ্যাট আধুনিক প্রযুক্তি ব্যবহারে একই দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে।
এ অধিগ্রহণ মাইক্রোসফট ও টু হ্যাটের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিবর্তন, যা উদ্ভাবনী প্রযুক্তি, গবেষণা দক্ষতা, দক্ষ দল ও ক্লাউড অবকাঠামোকে একত্রিত করবে।










