চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারে প্রিমিয়াম স্মার্টফোন বিক্রি ১০ শতাংশ কমেছে। তবে সার্বিক স্মার্টফোন বাজারে এ সেগমেন্টের হিস্যা বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকে চীনে স্মার্টফোন বাজারে প্রিমিয়াম সেগমেন্টের হিস্যা ছিল ৩১ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খুচরা বাজারে ৪০০ ডলারের বেশি মূল্যের স্মার্টফোন প্রিমিয়াম সেগমেন্টের আওতাভুক্ত। এ সেগমেন্টকেও তিন ভাগে ভাগ করা হয়—সাশ্রয়ী প্রিমিয়াম, প্রিমিয়াম ও আলট্রা প্রিমিয়াম। ৪০০ থেকে ৫৯৯ ডলার মূল্যের স্মার্টফোন সাশ্রয়ী প্রিমিয়ামের আওতায় পড়ে। ৬০০ থেকে ৭৯৯ ডলারের স্মার্টফোন প্রিমিয়াম এবং ১ হাজার ডলার এবং তার বেশি দামের ফোন আলট্রা প্রিমিয়ামের আওতায় পড়েছে।

প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক মেংমেং ঝ্যাং বলেন, কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে ২০২০ সালের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে শুরু করে চীনের স্মার্টফোন বাজার। ২০২১ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বিক্রির পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দশকের সর্বনিম্নে দাঁড়ায়। এতে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম সেগমেন্টেও বিক্রিতে পতন হয়। মূলত চীনের কয়েকটি শহরে আরোপিত লকডাউনের কারণে এতে প্রভাব পড়েছে। প্রিমিয়াম সেগমেন্টের গ্রাহক মূলত শহরে অবস্থান করায় ওই লকডাউনে ফোন কেনাকাটা কমিয়েছে।

তবে সার্বিক স্মার্টফোন বিক্রি কমলেও আলট্রা প্রিমিয়াম সেগমেন্টে চাঙ্গা বিক্রি অ্যাপলের। চীনে ১ হাজার ডলার বা তার চেয়ে বেশি দামের আইফোন বিক্রি ১৪৭ শতাংশ বেড়েছে। এ সেগমেন্টে স্যামসাংয়ের বিক্রিও ১৩৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষক ঝ্যাং মনে করেন, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বাজার হিস্যা হ্রাস এবং পিছিয়ে পড়ার সুযোগ নিয়েছে শীর্ষ এ ব্র্যান্ড দুটি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে আরো বলা হয়, প্রিমিয়াম সেগমেন্টে স্থানীয় কোম্পানি ভিভোর বিক্রি ৫০৪ শতাংশ বেড়েছে। ভিভো এক্স সিরিজের ওপর ভর করে এ সেগমেন্টে শক্তিশালী অবস্থান করে নিয়েছে গুয়াংডংভিত্তিক কোম্পানিটি। প্রিমিয়াম সেগেমেন্ট শীর্ষ ছয় স্মার্টফোন কোম্পানির হিস্যা ৯৫ শতাংশ।

চীনসহ বৈশ্বিক বাজারে ভিভোর সাম্প্রতিক উত্থান নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক আইভান ল্যাম বলেন, প্রথম ও দ্বিতীয় স্থানের জন্য অ্যাপল ও হুয়াওয়ে দীর্ঘদিন ধরেই হাড্ডাহাড্ডি লড়াই করে আসছিল। এখন ভিভোসহ অন্যান্য প্রধান চীনা কোম্পানি এ সেগমেন্টে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে।

দ্বিতীয় প্রান্তিকে ৪০০ ডলার মূল্যের সাশ্রয়ী প্রিমিয়াম সেগমেন্টে অনরের চ্যালেঞ্জের মুখে রয়েছে ভিভো। অনরের ইউনিট বিক্রি ও বাজার হিস্যা বেড়েছে যথাক্রমে ৪৩ ও ৫০ শতাংশ। হুয়াওয়ে ও অপোর বাজার হিস্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় এ সুযোগ নিয়েছে অনর ও ভিভো।

চীনা কোম্পানিগুলো প্রিমিয়াম সেগমেন্টে অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন কৌশলে এগোনোর চেষ্টা করছে। লেইকা, জেইসও হ্যাসলব্লাডের মতো ক্যামেরা জায়ান্টের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চীনা গ্রাহকদের জন্য ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনসহ সাশ্রয়ী প্রিমিয়াম ফোন আনছে।