ইমোজির মাধ্যমে রিঅ্যাকশন প্রদানের ফিচার আনতে যাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। বেশকিছু ফিচারের মধ্যে এটি অন্যতম। খবর টাইমস অব ইন্ডিয়া।

ওয়াবেটাইনফো প্রকাশিত নতুন এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইওএস প্লাটফর্মের বেটা ভার্সনে রিঅ্যাকশনের তথ্য-সংক্রান্ত ট্যাব দেখা গেছে। নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পাশাপাশি অন্যদের রিঅ্যাকশনও দেখতে পাবেন।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি চালু হলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো ব্যবহারকারীরা মেসেজে রিঅ্যাকশন দিতে ও দেখতে পারবেন। ব্যবহারকারীরা হার্ট বা লাভ আইকন, স্যাড, লাইকসহ অন্যান্য ইমোজি ব্যবহার করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়, মেসেজে যতগুলো রিঅ্যাকশন দেয়া হবে সেগুলো একবারে শুরুতে অল ট্যাবে তালিকাভুক্ত থাকবে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মেসেজ রিঅ্যাকশন এলে সেগুলো আলাদা থাকবে। ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট মেসেজে শুধু একবারই রিঅ্যাকশন দিতে পারবেন। সেই সঙ্গে বর্তমানে ছয়টি ইমোজি ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের আইওএস প্লাটফর্মে ফিচারটির উন্নয়ন দৃশ্যমান হলেও অ্যান্ড্রয়েড প্লাটফর্মেও একই সুবিধা চালু করতে প্লাটফর্মটি কাজ করছে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। অন্যদিকে ওয়েবের ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করেছে মেসেজিং প্লাটফর্মটি। এখন চাইলেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দের স্টিকার তৈরি করতে পারবেন।