পারকিনসন্স রোগে আক্রান্তদের জন্য স্মার্ট চশমা এনেছে লাওনজ। এ রোগে আক্রান্তদের হাঁটাচলায় সহযোগিতার জন্য নতুন এ চশমা আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দি ইলেক।

পারকিনসন্স রোগে আক্রান্তদের মধ্যে যারা চলাফেরার সমস্যায় ভোগেন, তারা হঠাৎই পা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অক্ষমতা টের পান। লাওনজের স্মার্ট চশমায় অগমেন্টেড রিয়েলিটি বা উদ্দীপিত বাস্তবতা (এআর) ব্যবহার করে মেঝেতে দৃশ্যমান চলাফেরার প্যাটার্ন তৈরি করা হবে যেন আক্রান্ত রোগীরা ওই বর্ধিত অংশে হাঁটা চালিয়ে যেতে পারে। কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ক্র্যানিয়াল নার্ভ রিসার্চ সেন্টারের সঙ্গে চশমা নিয়ে কাজ করার বিষয়ে লাওনজ জানিয়েছে, পণ্যটি পারকিনসন্স রোগে আক্রান্তদের চলাফেরার প্রস্থ ২৪ শতাংশ এবং হাঁটার গতি ৩১ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বাড়াবে।

এআর ফিচারের জন্য স্মার্ট চশমাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিচুয়েশন রিকগনিশন ও কম্পিউটার ভিশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। পরিধানকারীর ৯২ দশমিক ৯ শতাংশ চলাফেরার সমস্যা চিহ্নিত করার সক্ষমতা দেখিয়েছে এ চশমা।  লাওনজ আরো জানিয়েছে, এ চশমা রোগীকে পিছলে যাওয়া ও পড়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করবে। এতে থাকা ক্যামেরা রোগীর চোখের আইরিশে হওয়া কাঁপুনিও শনাক্ত করবে। ফলে স্মৃতিভ্রংশ রোগের চিকিৎসায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির বানানো এ চশমার দাম পড়বে ৫০ লাখ ওন। তবে বর্তমানে শুধু হাসপাতালেই তা বিক্রি হচ্ছে। এর দাম অনেকটাই মাইক্রোসফটের হলোলেন্সের সমপরিমাণ। লাওনজের মতো দক্ষিণ কোরিয়ার বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন ইলেনটেক ও লেটিনএআর স্মার্ট চশমা নিয়ে কাজ করছে।