স্মার্টফোনের জগৎ বেশ বিস্তৃত মটোরোলার। বিভিন্ন বাজেটের মধ্যে বেশকিছু স্মার্টফোন রয়েছে তাদের। প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি একটি ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, যেটা সদ্য বাজারে আনা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপের সহায়তায় তৈরি করা হবে।
নাইনটি ওয়ান মোবাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেনোভো মালিকানাধীন স্মার্টফোন ব্র্যান্ডটি ২০২২ সালের প্রথম তিন মাসেই দুটি স্মার্টফোন ভারতের বাজারে আনবে। তারা এও বলছে, তাদের একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর সহায়তায় তৈরি হবে। তার মানে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর সহায়তায় বানানো স্মার্টফোনটি হতে পারে মটো এজ এক্স৩০। ৯ ডিসেম্বর চীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে এই স্মার্টফোন। ভারতে সেই ফোনটিই আসতে পারে ভিন্ন কোনো নামে।
অন্যটি হতে পারে মটো জি সিরিজের ফোন। সেটার নাম হতে পারে মটো জি৭১। আবার সেটা মটো জি২০০ বা মটো জি৪১-ও হতে পারে। এ দুটিরই এখন চীনের বাজারে আসার কথা রয়েছে। ১০ ডিসেম্বর ভারতের বাজারে মটো জি৫১ আনতে যাচ্ছে মটোরোলা।
মটোরোলা জানিয়েছে, চীনে এজ এক্স৩০ ফোনে ওএলইডি প্যানেল থাকবে, যেটাতে ১৪৪ হার্টজের রিফ্রেশ রেট থাকবে এবং ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ওই ফোনে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা থাকবে বলেও জানা গেছে।










