রাশিয়ায় কার্যক্রম বন্ধ কিংবা স্থগিতের নির্দেশ দিয়েছে বেশির ভাগ সোস্যাল মিডিয়া কোম্পানি। এছাড়া ক্রেমলিনের নিষিদ্ধ তালিকায়ও যুক্ত হয়েছে অনেক প্লাটফর্ম। সম্প্রতি পাস হওয়া রাশিয়ার নতুন মিডিয়া আইনে কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে অনেক মিডিয়া ও প্রযুক্তি প্লাটফর্মের জন্য। রাশিয়ায় কার্যক্রম গুটিয়ে নেয়া কিংবা সীমিত করে নেয়া প্লাটফর্মের মধ্যে রয়েছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুক। এমন পরিস্থিতিতে হাতের কাছে থাকা বিকল্প প্লাটফর্মের দিকে ঝুঁকছে রাশিয়ানরা। খবর প্রটোকল।
যুদ্ধবিরোধী বেসামরিক রাশিয়ানদের কাছে ক্লাবহাউজ ও টেলিগ্রাম শক্তিশালী প্লাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে। একই সঙ্গে এ প্লাটফর্মগুলো ক্রেমলিনের প্রোপাগান্ডার উর্বর ক্ষেত্রেও পরিণত হয়েছে। রুশ ভাষায় বিভিন্ন সংবাদ ও ধারাভাষ্য প্রচার হচ্ছে এ প্লাটফর্মগুলোয়। রাশিয়ায় যাত্রা শুরু করা টেলিগ্রাম ক্রেমলিনের বার্তা প্রচারের মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রামে ক্রেমলিনপন্থী চ্যানেল দ্রুত সম্প্রসারিত হয়।
অডিওভিত্তিক প্লাটফর্ম ক্লাবহাউজ যখন প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়েছিল, ইউক্রেন যুদ্ধ ফের সম্প্রসারণের সুযোগ তৈরি করে দিয়েছে। যুদ্ধ নিয়ে ক্লাবহাউজে অডিও রুম তৈরি করে আলোচনা ও তর্ক-বিতর্ক করতে দেখা গেছে অনেক রাশিয়ানকে। এদিকে রাশিয়ান ডেভেলপাররা রশগ্রাম নামে ইনস্টাগ্রামের একটি ক্লোন তৈরি করেছে।










