চীনে আইফোন উৎপাদনে বিশাল কারখানা স্থাপন করবে অ্যাপলের অন্যতম সরবরাহকারী লাক্সশেয়ার। নতুন কারখানাটি প্রতিষ্ঠানটির আইফোন সংযুক্তির সক্ষমতা বাড়াবে। পাশাপাশি ফক্সকন ও পেগাট্রনের সঙ্গে প্রতিযোগিতা বাড়াবে। খবর গিজমোচায়না।

অ্যাপলইনসাইডারের বরাতে নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, লাক্সশেয়ার চীনের কুনশান শহরে ২ লাখ ৮৫ হাজার বর্গমিটারের বিশাল জায়গাজুড়ে উৎপাদন কেন্দ্র স্থাপনে কাজ করছে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে কারখানাটির প্রথম ধাপের কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি। একই বছরের শেষ দিকে এ কেন্দ্রে আইফোনের উৎপাদন শুরু হতে পারে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়নে লাক্সশেয়ার ১৭৩ কোটি ডলার ব্যয় করছে।

নতুন উৎপাদন কেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি আইফোন সংযুক্তি কার্যক্রমের গতি বাড়াতে পারবে। পাশাপাশি উৎপাদনের পরিমাণ ৬৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ইউনিট এবং ২০২২ সালের শেষ নাগাদ ১ কোটি ৫০ লাখ ইউনিটে পৌঁছাবে বলে আশা সংশ্লিষ্টদের। প্রায় ৪০টি ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। সেইসঙ্গে লাক্সশেয়ার কাছাকাছি অবস্থিত আরেকটি কেন্দ্রের সংস্কার করছে। পূর্বে একটি আইপ্যাড সংযোজনকারী প্রতিষ্ঠান এখানে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল।

বিশাল প্লান্ট স্থাপন ঘোষণার সঙ্গে অ্যাপলের সরবরাহ চেইনেও একটি বড় পরিবর্তনের ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে আইফোনের সংযোজন কার্যক্রম তাইওয়ান থেকে চীনে স্থানান্তর হচ্ছে।