একসঙ্গে দড়িতে বাঁধা ১০ জন রোহিঙ্গা মুসলমান বন্দি দেখছে যে চোখের সামনে তাদের বৌদ্ধ প্রতিবেশীরা একটি অগভীর কবর খুঁড়ছে। কিছুক্ষণ পরই ২ সেপ্টেম্বর সকালবেলায় ১০ জনের সবাই মৃত পড়ে রইল। তাদের মধ্যে অন্তত দুজন গ্রামবাসীর পিটুনিতে নিহত হয়েছে, বাকিদের গুলি করে মেরেছে মিয়ানমার সেনাবাহিনী।
মিয়ানমারের পশ্চিমাংশে উত্তর রাখাইন প্রদেশে জাতিগত সহিংসতার রক্তাক্ত অধ্যায়টি রচিত হয়েছে ইন ডিনের উপকূলীয় একটি গ্রামে। ২০১৭-এর আগস্ট থেকে আনুমানিক ৬ লাখ ৯০ হাজার রোহিঙ্গা নিজেদের গ্রাম থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছে। অক্টোবর নাগাদ ইন ডিনের রোহিঙ্গাদের একজনও সেখানে ছিল না।
ইন ডিনে আসলে কী হয়েছে, কেন এ ১০টি হত্যাকাণ্ড—যাদের দুজন বয়ঃসন্ধির বালক—রয়টার্স টুকরো টুকরো ঘটনাকে জোড়া দিয়েছে। রয়টার্সের রিপোর্টার দুজন বার্মিজ নাগরিক ওয়া লোন ও কিয়াও সে উ প্রতিবেদন তৈরি করেন এবং তা রয়টার্স প্রকাশ করে। রাখাইনসংক্রান্ত গোপনীয় দলিল হস্তগত করার অপরাধে ১২ ডিসেম্বর, ২০১৮ দুজন গ্রেফতার হন।
কিন্তু সাহসী সাংবাদিকতার পথ রুদ্ধ করতে পারেনি মিয়ানমারের সামরিক জান্তা, তাদের শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে এ দুই সাংবাদিকের সাহসিকতার স্বীকৃতি দিয়েছে পুলিৎজার...






